প্রথম আরব নারী এভারেস্টে
এবার এভারেস্টের সর্বোচ্চ চূড়ায় আরোহণ করলেন এক ফিলিস্তিনি নারী। গত ২১ মে সুজান আল-হুবি (৪০) নামের ওই নারী এভারেস্টের চূড়ায় ওঠেন। এই প্রথম কোনো আরব নারী বিশ্বের সর্বোচ্চ এই পর্বতচূড়ায় আরোহণ করলেন।সুজান আল-হুবি গতকাল শনিবার এক বিবৃতিতে বলেন, ‘প্রথম আরব নারী হিসেবে বিশ্বের সর্বোচ্চ পর্বতচূড়ায় আরোহণ করা দারুণ রোমাঞ্চকর ও বিশাল এক সুযোগ।’সংযুক্ত আরব আমিরাতে বসবাস করেন দুই সন্তানের মা সুজান। তিনি তাঁর এ সাফল্য সব ফিলিস্তিনি ও আরব, বিশেষ করে তরুণী, বৃদ্ধাসহ সব নারীর সঙ্গে ভাগাভাগি করে নিতে চান। তিনি বলেন, ‘স্বপ্ন সত্যি হওয়ার মুহূর্তটি আমি কখনোই ভুলব না।’এভারেস্টের চূড়ায় উঠতে ৫১ দিন সময় লেগেছে ৪০ বছর বয়সী আল-হুবির। ২১ মে সকালে তিনি বিশ্বের সর্বোচ্চ চূড়ায় আরোহণ করেন।আল-হুবি তাঁর বিবৃতিতে জানান, এভারেস্ট অভিযানের জন্য তিনি দুই বছর ধরে প্রস্তুতি নিয়েছেন। এএফপি।