প্রথম এভারেস্টজয়ী দলের সদস্য জর্জ লোয়ি আর নেই
বিশ্বের প্রথম এভারেস্টজয়ী দলের একমাত্র জীবিত সদস্য জর্জ লোয়ি আর নেই। গত বুধবার যুক্তরাজ্যের ডার্বিশায়ারের রিপলি শহরের একটি নার্সিংহোমে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর। ১৯৫৩ সালে স্যার এডমন্ড হিলারি ও তেনজিং নরগেকে এভারেস্টের চূড়ায় উঠতে সহায়তা করেন নিউজিল্যান্ড বংশোদ্ভূত জর্জ লোয়ি। তাঁর পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে ঐতিহাসিক ড. হুই লুইস-জোনসের। লোয়ির স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, লোয়ি খুবই নম্র-ভদ্র ছিলেন। তিনি সব সময় নিজেকে আলোচনার কেন্দ্রবিন্দু থেকে সরিয়ে রাখতেন। ১৯৫৭ থেকে ১৯৫৮ সাল পর্যন্ত কমনওয়েলথ ট্রান্স-অ্যান্টার্কটিক অভিযানে (সিটিএই) অংশ নেন জর্জ লোয়ি। এ সময় তিনি সাফল্যের সঙ্গে দক্ষিণ মেরু হয়ে অ্যান্টার্কটিকার স্থলভাগ অতিক্রম করেন। সেই সাফল্যের পর তিনি বলেছিলেন, ‘আমাদের ধারণা ছিল, আমরা ১০০ দিনে অভিযান শেষ করতে পারব। আমরা ৯৯ দিনের মাথায় সেটি করতে পেরেছি।’ বিবিসি।