প্রথম গোল্ডিলকস গ্রহের সন্ধান!
জ্যোতির্বিদেরা বলছেন, প্রথমবারের মতো তাঁরা একটি গ্রহের সন্ধান পেয়েছেন, যার উপস্থিতি মহাকাশের ‘গোল্ডিলকস’ অঞ্চলে। গোল্ডিলকস অঞ্চল বলতে বিজ্ঞানীরা এমন একটি জায়গাকে বুঝিয়ে থাকেন, যা খুব উষ্ণ বা শীতল নয়, অর্থাৎ যে অঞ্চল প্রাণের জন্য অনুকূল হতে পারে।গত বুধবার যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশন এই আবিষ্কারের ঘোষণা দেয়। গোল্ডিলকস গ্রহটির নাম দেওয়া হয়েছে গ্লিয়েসে ৫৮১জি।গোল্ডিলকস গ্রহ এর নক্ষত্র থেকে খুব দূরেও নয়, আবার খুব কাছেও নয়। খুব বেশি উষ্ণ বা শীতল না হওয়ায় এতে তরল আকারে পানি থাকারও সম্ভাবনা রয়েছে। আমাদের সৌরজগতের বাইরে এ পর্যন্ত আবিষ্কৃত শ পাঁচেক গ্রহের একটির পরিবেশও এমন নয়। গ্লিয়েসে ৫৮১জির অবস্থান আমাদের কাছাকাছি ছায়াপথেই, যা থেকে ইঙ্গিত মেলে এ রকম আরও অনেক গ্রহ হয়তো কোনো নক্ষত্রের চারপাশে ঘুরছে।গ্লিয়েসে ৫৮১জির আকার খুব বড় বা একদম ছোট নয়। অর্থাৎ সব দিক থেকেই মাঝামাঝি। এর অভিকর্ষ শক্তি ও আবহাওয়া মণ্ডল থাকবে। বিজ্ঞানীদের ধারণা, গোল্ডিলকস গ্রহ অনেকটা পৃথিবীর মতোই এবং এ কারণে জীবন ধারণের উপযুক্ত।পৃথিবী থেকে প্রায় ২০ আলোকবর্ষ দূরে লিবরা নক্ষত্রমণ্ডলীতে একটি নক্ষত্রকে কেন্দ্র করে ঘুরছে গ্রহটি। এর ভর পৃথিবীর তিন বা চারগুণ বেশি। এই গ্রহের সহ-আবিষ্কারক আর পল বাটলার বলেন, ‘এটা সত্যিই প্রথম গোল্ডিলকস গ্রহ।’নতুন এই গ্রহের সন্ধান পাওয়ার ঘটনা অন্য জ্যোতির্বিদেরা নিশ্চিত করলে এটাই হবে মহাকাশে সন্ধান পাওয়া পৃথিবীর সবচেয়ে কাছাকাছি গ্রহ, যা বাসযোগ্য হওয়ার বৈশিষ্ট্যগুলোর অনেক কিছুই পূরণ করে।বিজ্ঞানীরা জানান, গ্লিয়েসে ৫৮১জি নামের একটি লাল রঙের নক্ষত্রকে কেন্দ্র করে গ্রহটি ঘুরছে। প্রতি ৩৭ দিনে গ্রহটি তার নক্ষত্রকে একবার প্রদক্ষিণ করে। বিজ্ঞানী বাটলার ও তাঁর সঙ্গীদের হিসাব অনুযায়ী, গ্লিয়েসে ৫৮১জি গ্রহের পৃষ্ঠের তাপমাত্রা সর্বোচ্চ ১০ ডিগ্রি ফারেনহাইট থেকে সর্বনিম্ন শূন্যের ২৪ ডিগ্রি ফারেনহাইট নিচে পর্যন্ত হতে পারে। এই তাপমাত্রা অ্যান্টার্কটিকা মহাদেশে গ্রীষ্মকালের কোনো একটি দিনের তাপমাত্রার মতো। পিটিআই।