প্রথম চালকবিহীন ‘জঙ্গি বিমান’ ওড়াল যুক্তরাষ্ট্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্র এই প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে চালকবিহীন একটি বিমান সফলভাবে বিমানবাহী রণতরিতে অবতরণ করিয়েছে।গত বুধবার নরথ্রপ গ্রুম্যান এক্স-৪৭বি (ডাকনাম সল্টি ডগ ৫০২) নামের চালকবিহীন ওই বিমানটি নৌবাহিনীর একটি রণতরিতে অবতরণ করে। এ ঘটনাকে এ ক্ষেত্রে বড় একটি মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।এক্স-৪৭বি বিমানটিতে যুদ্ধে ব্যবহার উপযোগী অস্ত্র সংযোজনের সুযোগ রয়েছে। বুধবার একটি এক্স-৪৭বি বিমান প্যাটুক্সেন্ট রিভার নেভাল এয়ার স্টেশন থেকে ভার্জিনিয়া উপকূলের আকাশে উড়াল দেয়। পরে আটলান্টিক মহাসাগরে অবস্থানরত ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশ রণতরিতে সফলভাবে অবতরণ করে। চালকবিহীন বিমানটির উড্ডয়ন ও অবতরণ খুবই ঝুঁকিপূর্ণ হবে বলে ধারণা করা হচ্ছিল। তবে সফল অবতরণের মধ্য দিয়ে সব আশঙ্কা দূর হলো। অদূরভবিষ্যতে মার্কিন নৌবাহিনীর শক্তি বাড়াতে যুক্ত হবে চালকবিহীন এই জঙ্গি বিমান। এ ধরনের বিমান থেকে ভূমিতে কিংবা জাহাজে হামলা চালানো যাবে।কর্তৃপক্ষ জানিয়েছে, এক্স-৪৭বি বিমানটি অন্তত তিনবার উড্ডয়নের পর ফ্লোরিডা ও মেরিল্যান্ডের জাদুঘরে পাঠানো হবে। নৌবাহিনী এ ধরনের চালকবিহীন আরও বিমান তৈরির একটি প্রকল্প হাতে নিয়েছে। এর আওতায় আগামী তিন থেকে ছয় বছরের মধ্যে বেশ কয়েকটি চালকবিহীন বিমান তৈরি করা হবে।এক্স-৪৭বি বিমান রাডার ফাঁকি দিতে সক্ষম। এটি নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে বোমা বর্ষণ করতে পারবে।তবে কিছুসংখ্যক বিশেষজ্ঞ মার্কিন নৌবাহিনীর জন্য এ ধরনের জঙ্গি বিমানের আদৌ প্রয়োজন আছে কি না, সে প্রশ্ন তুলেছেন। এ বিমান কী কাজে লাগানো হবে, তা নিয়ে যুক্তরাষ্ট্রে বিতর্ক চলছে। ধারণা করা হচ্ছে, চীন ও ইরানের বিরুদ্ধে এসব জঙ্গি বিমানের ব্যবহার করা হতে পারে। রয়টার্স।