প্রথম জনসমক্ষে এলেন জং উন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্ষমতার সম্ভাব্য উত্তরাধিকারী হিসেবে ছেলে কিম জং উনকে দেশের মানুষ ও বিশ্ববাসীর সামনে পরিচয় করিয়ে দিতে তাঁকে পাশে নিয়ে জাঁকালো কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং ইল। গতকাল রোববার ক্ষমতাসীন দল ওয়ার্কার্স পার্টির ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানী পিয়ংইয়ংয়ে দেশের ইতিহাসে সামরিক বাহিনীর বৃহত্তম এই কুচকাওয়াজের আয়োজন করা হয়। দুই সপ্তাহেরও কম সময় আগে উন চার তারকা জেনারেল হিসেবে পদোন্নতি পান ও দলের ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হন।কিম ইল সুং প্লাজায় পর্যবেক্ষণ প্লাটফরমে বাবার পাশে গাঢ় নীল রঙের স্যুট পরে দাঁড়িয়ে ছিলেন ২৭ বছর বয়সী উন। সেনা সদস্যরা অত্যন্ত সুশৃঙ্খলভাবে মঞ্চের সামনে দিয়ে কুচকাওয়াজ করতে করতে এগিয়ে যান। কুচকাওয়াজটি রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়। বিশাল এই আয়োজন সম্প্রচারের জন্য বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিনিধিদেরও আমন্ত্রণ জানানো হয়। দক্ষিণ কোরীয় বার্তা সংস্থা ইয়োনহাপ বলেছে, উত্তর কোরিয়ায় সামরিক কুচকাওয়াজের সরাসরি সম্প্রচার এটাই প্রথম।বিশ্লেষকেরা ধারণা করছেন, বিশাল এই আয়োজনে ছেলেকে নিজের পাশে উপস্থিত করে তাঁকে উত্তরাধিকারী হিসেবে ক্ষমতায় বসানোর স্পষ্ট ইঙ্গিত দিলেন কিম জং ইল। উত্তর কোরিয়ায় ক্ষমতায় আরোহণ করলে উন হবেন তাঁদের বংশের তৃতীয় প্রজন্মের রাষ্ট্রনেতা। এর আগে বাবা কিম ইল সুংয়ের কাছ থেকে ক্ষমতা পান কিম জং ইল। সুং ১৯৯৪ সালে মারা যান। ৬৮ বছর বয়সী ইলের স্বাস্থ্যও এখন তেমন ভালো যাচ্ছে না। দুই বছর আগে তাঁর স্ট্রোক হয়েছিল। সাধারণত কমিউনিস্ট দেশে উত্তরাধিকারী হিসেবে ক্ষমতায় আরোহণ প্রচলিত না থাকলেও উত্তর কেরিয়া এ ক্ষেত্রে ব্যতিক্রম সৃষ্টি করেছে।গত মাসে উনের এই পদোন্নতির ঘোষণার আগ পর্যন্ত বিশ্ববাসীর কাছে প্রায় অচেনা ছিলেন উত্তর কোরিয়ার ভবিষ্যৎ এই নেতা। কমিউনিস্ট নেতার ছেলে হলেও পশ্চিমা বিশ্ব সম্পর্কে ভালো ধারণা রয়েছে কিম জং উনের। তিনি সুইজারল্যান্ডের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। কুচকাওয়াজে এক ভাষণে সামরিক বাহিনীর চিফ অব স্টাফ রি ইয়োং হো বলেন, সাম্রাজ্যবাদী শক্তি যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা দেশের সার্বভৌমত্বের ওপর সামান্যতম আঘাত হানার চেষ্টা করলে আত্মরক্ষার্থে প্রয়োজনে পরমাণু অস্ত্র ব্যবহার করবে পিয়ংইয়ং।বিশাল এই আয়োজনে বিশ্বের বিভিন্ন দেশের কূটনীতিকদের আমন্ত্রণ জানানো হয়। উত্তর কোরিয়ার একমাত্র ঘনিষ্ঠ মিত্র চীনের পক্ষ থেকে উচ্চপর্যায়ের একটি বিশেষ প্রতিনিধিদল এতে অংশ নেয়। অনুষ্ঠানে অংশ নেওয়া ওয়ার্কার্স পার্টির কর্মী-সমর্থকেরা নেতা কিমের সুস্বাস্থ্য কামনা করে স্লোগান দেন, ‘লং লিভ কিম জং ইল’। প্রচুর হাততালি ও ফুল ছিটিয়ে দলের এই প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়। বিশ্বের অন্যতম বড় সেনাবাহিনী রয়েছে উত্তর কোরিয়ার। এর সদস্য সংখ্যা ১২ লাখ।বিশ্লেষকেরা বলছেন, বিশাল এই কুচকাওয়াজ আয়োজনের মাধ্যমে বিশ্ববাসীকে নিজেদের সেনাবাহিনীর সামরিক শক্তি প্রদর্শনেরও একটি চেষ্টা করেছেন কিম। দক্ষিণ কোরিয়ার কোরিয়া ইনস্টিটিউট ফর ডিফেন্স অ্যানালাইসিসের উত্তর কেরিয়াবিষয়ক বিশ্লেষক বায়েক সেউং জু বলেন, যুক্তরাষ্ট্রকে হুমকি প্রদর্শনের চেয়ে বরং ভবিষ্যৎ নেতা হিসেবে উনকে পরিচিত করিয়ে দেওয়ার জন্যই এই আয়োজন করা হয়েছে। একটি বিষয় পরিষ্কার, শাসক গোষ্ঠী চেয়েছে, বিশ্ব দেখুক তাদের তরুণ এই নেতাকে। এএফপি, বিবিসি, রয়টার্স।