প্রথম তর্কযুদ্ধে জয়ী হলেন রমনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে দুই প্রার্থীর প্রথম তর্কযুদ্ধে জয় পেয়েছেন রিপাবলিকান পার্টির প্রার্থী মিট রমনি। জনমত জরিপের ফলে এ বিষয়টি উঠে এসেছে। বিশ্লেষকেরাও একই রায় দিয়েছেন। তবে বিতর্কের সময় উত্তেজিত হননি রমনির প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক পার্টির প্রার্থী ও বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামা। বিশ্লেষকদের মতে, তিনি বিপর্যয় এড়াতে সক্ষম হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (স্থানীয়সময় বুধবার সন্ধ্যা) কলোরাডো অঙ্গরাজ্যের ডেনভার ইউনিভার্সিটিতে প্রথম বিতর্কে মুখোমুখি হন ওবামা-রমনি। জনপ্রিয় উপস্থাপক জিম লেহরারের সঞ্চালনায় বিতর্ক অনুষ্ঠানটি টেলিভিশনের পর্দায় কোটি কোটি দর্শক উপভোগ করেছে। ৯০ মিনিটের বেশি এ তর্কযুদ্ধে কর, স্বাস্থ্যসেবা সংস্কার ও সরকারের ভূমিকা নিয়ে নিজ নিজ অবস্থান তুলে ধরে তর্কে শামিল হন ওবামা ও রমনি। রমনি বিতর্কে ওবামার অর্থনৈতিক নীতির কঠোর সমালোচনা করেন। রমনি বলেন, ওবামা দেশের অর্থনীতিকে ধীরে ধীরে শেষ করে দিচ্ছেন। উল্টো অভিযোগ করে ওবামা বলেন, রমনির নেতৃত্ব আমেরিকার অর্থনীতিকে বুশ যুগের চেয়ে দ্বিগুণ নিচে নামাবে।রমনি বলেন, চার বছর আগে ওবামার যে আর্থিক নীতি ছিল, এখনো তা-ই আছে। ব্যয় বেশি, কর বেশি, নিয়ন্ত্রণ অধিক—ওবামার এ নীতি যদি বহাল থাকে, তবে সরকারের অবস্থার আরও অবনতি ঘটবে। বর্তমান প্রেসিডেন্টের সমালোচনা করে রমনি বলেন, ২০০৮ সালে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী, বাজেট অর্ধেক কমাতে ব্যর্থ হয়েছেন ওবামা।রমনি বলেন, মার্কিনিদের উচিত হবে না গ্রিস বা স্পেনের মতো যুক্তরাষ্ট্রকে নিচের দিকে যাওয়ার অনুমোদন দেওয়া। তিনি অভিযোগ করেন, ওবামা তাঁর প্রচারে কর পরিকল্পনাকে ভুলভাবে উপস্থাপন করছেন। রমনি আরও বলেন, বাজেটঘাটতি কমাতে তিনি ওবামার ২০১০ সালের স্বাস্থ্যসেবা আইন বাতিল এবং যুক্তরাষ্ট্রের সরকারি টেলিভিশনে ভর্তুকি কাটছাঁট করবেন।ওবামা তাঁর রিপাবলিকান প্রতিদ্বন্দ্বীর অর্থনৈতিক পরিকল্পনার কড়া সমালোচনা করে বলেছেন, রমনির বাজেটঘাটতি কমানোর পরিকল্পনা ভারসাম্যহীন। বিতর্কের মঞ্চে রমনিকে অনেক চনমনে ও আগ্রাসী মনে হয়েছে। বিপরীতে ওবামাকে নিষপ্রভ মনে হয়েছে। কয়েকটি জনমত জরিপে দেখা যায়, বিতর্কে রমনি জিতেছেন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন পরিচালিত জরিপে বিতর্কে রমনির জয় হয়েছে বলে রায় দিয়েছেন ৬৭ শতাংশ ভোটার। ওবামা জিতেছেন বলে রায় দিয়েছেন মাত্র ২৬ শতাংশ। সিবিএসের জরিপের রায়ও রমনির পক্ষে গেছে। এ জরিপে রমনি জয়ী হয়েছেন বলে মন্তব্য করেছেন ৪৬ শতাংশ ভোটার। ২২ শতাংশ ভোটারের রায় গেছে ওবামার পক্ষে।ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক স্যামুয়েল পপকিন বলেন, বিতর্কে রমনি ভোটারদের মন জয়ের সুযোগ কাজে লাগিয়েছেন। এএফপি, রয়টার্স, সিএনএন ও বিবিসি।