ফ্রান্সে গতকাল রোববার অনুষ্ঠিত প্রথম দফা প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন সোশ্যালিস্ট দলের প্রার্থী ফ্রাঁসোয়া ওলন্ড। দেশের নাজুক অর্থনীতির কারণে নির্বাচনে বামপন্থীদের কাছে বর্তমান প্রেসিডেন্ট নিকোলা সারকোজির ভরাডুবির পূর্বাভাস আগে থেকেই পাওয়া যাচ্ছিল।গতকাল স্থানীয় সময় সকাল আটটায় ভোট গ্রহণ শুরু হয়। দেশের অধিকাংশ এলাকায় সন্ধ্যা ছয়টায় ভোট গ্রহণ শেষ হলেও বড় বড় শহরগুলোতে রাত আটটা পর্যন্ত চলে। ফ্রান্সের পোলিং এজেন্সির কর্মকর্তাদের ব্যালট বাক্স থেকে সরাসরি নমুনা নেওয়ার অনুমতি রয়েছে। এ কারণে ভোট গ্রহণ শেষ হওয়ার পরপরই ভোটের খসড়া ফলাফল জানা গেছে। এতে দেখা যায়, ওলন্ড পেয়েছেন ২৮ দশমিক ৪ থেকে ২৯ দশমিক ৩ শতাংশ ভোট। আর বর্তমান প্রেসিডেন্ট ইউএমপি দলের প্রার্থী সারকোজি পেয়েছেন ২৫ দশমিক ৫ থেকে ২৭ শতাংশ ভোট। এ ছাড়া কট্টর ডানপন্থী মারিন লি পেন ১৮ দশমিক ২ থেকে ২০ শতাংশ ভোট পেয়েছেন। অবশ্য কোনো প্রার্থীই নিরঙ্কুশ জয়ী হওয়ার মতো প্রয়োজনীয় ৫০ শতাংশ ভোট পাননি। ফলে দ্বিতীয় দফা নির্বাচন (রান অফ) অনুষ্ঠিত হবে। নিয়মানুযায়ী প্রার্থী সংখ্যা কাটছাঁট হয়ে সর্বোচ্চ ভোট পাওয়া দুজন অর্থাৎ ওলন্ড ও সারকোজির মধ্যে মুখোমুখি লড়াই হবে। আগামী ৬ মে অনুষ্ঠেয় দ্বিতীয় দফার ওই নির্বাচনের মাধ্যমে চূড়ান্ত নিষ্পত্তি হয়ে যাবে কে ইউরোপের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ ফ্রান্সকে নেতৃত্ব দেবেন। সারকোজি ২০০৭ সালের নির্বাচনে প্রথমবারের মতো নির্বাচিত হন। এবারের নির্বাচনে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার চেষ্টা করছেন। পরাজিত হলে তিনি হবেন বিগত ৩০ বছরের মধ্যে ফ্রান্সের প্রথম প্রেসিডেন্ট, যিনি দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হতে ব্যর্থ হন।বামপন্থীরা ফ্রান্সে দীর্ঘ সময় ধরেই কোনো প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হতে পারেনি। তবে জরিপের ফলে আগেই আভাস দেওয়া হয়েছে, সোশ্যালিস্ট দলের প্রার্থী ফ্রাঁসোয়া ওলন্ড এবারের নির্বাচনে বর্তমান ডানপন্থী প্রেসিডেন্ট সারকোজিকে পরাজিত করতে যাচ্ছেন। প্রবৃদ্ধি ও চাকরির ক্ষেত্রে দেশটির বর্তমান শোচনীয় পরিস্থিতিই সারকোজির জনপ্রিয়তায় ভাটা পড়ার কারণ।নির্বাচনী প্রচারণার সময় ওলন্ড অভিযোগ তোলেন, সারকোজি ফ্রান্সকে সমস্যার গভীর খাদে ফেলেছেন। দেশ তাঁর ব্যয়সংকোচন নীতি ও বেকারত্বের ফাঁদে পড়েছে। পক্ষান্তরে সারকোজি বলেন, তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী অনভিজ্ঞ। তিনি অপরিণামদর্শী ব্যয়ের প্রতিশ্রুতির মাধ্যমে দেশের অর্থনীতিতে একটি ভীতিকর অবস্থা সৃষ্টি করবেন।ইউরো অঞ্চলের ঋণসংকট এবং ফ্রান্সের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে মন্থর গতি ও বেকারত্বের উচ্চহারই এবারের নির্বাচনী প্রচারণার মূল বিষয় হয়ে দাঁড়ায়। সারকোজি ব্যয় কাটছাঁটসহ তাঁর নেওয়া বিভিন্ন পদক্ষেপের সপক্ষে যুক্তি দাঁড় করাতে হিমশিম খান। তবে প্রতিদ্বন্দ্বী ওলন্ডও ব্যয় বাড়ানোর বিষয়ে এমন একটি প্রতিশ্রুতির ঘোষণা দিতে ব্যর্থ হন, যেটিকে গ্রহণযোগ্য মনে করা যেতে পারে। শুক্রবার মধ্যরাতের পর থেকে নির্বাচনী প্রচারণা ও মতামত জরিপ চালানো নিষিদ্ধ করা হয়। তবে ৬ মে দ্বিতীয় দফার নির্বাচন উপলক্ষে আজ সোমবার আবার তা শুরু হচ্ছে। জরিপগুলোর পূর্বাভাস অনুযায়ী, দ্বিতীয় দফা নির্বাচনে ওলন্ড ৫৫ শতাংশ এবং সারকোজি ৪৫ শতাংশ ভোট পেতে পারেন। এএফপি, রয়টার্স।