প্রথম দফায় ২৬ বন্দীকে মুক্তি দিচ্ছে ইসরায়েল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসরায়েল সাম্প্রতিক প্রতিশ্রুতি অনুযায়ী দীর্ঘদিন ধরে সে দেশের কারাগারে আটক ১০৪ জন ফিলিস্তিনি ও ইসরায়েলি আরব বন্দীর মধ্যে প্রথম দলটিকে ১৩ আগস্ট মুক্তি দেবে। প্রথম দফায় মুক্তি পাবেন ২৬ জন। ফিলিস্তিনি শীর্ষ শান্তি আলোচক সায়েব এরেকাত গত শনিবার এ কথা জানিয়েছেন।শান্তি আলোচনা এগিয়ে নেওয়ার জন্য প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ব্যাপক তৎপরতার পর ইসরায়েলের মন্ত্রিসভা গত সপ্তাহে এই বন্দীদের ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি বসতি নির্মাণ নিয়ে বিরোধসহ বিভিন্ন কারণে তিন বছর পর স্থবির থাকার পর এই শান্তি আলোচনা গত সপ্তাহে আবার শুরু হয়েছে। ফিলিস্তিনি শীর্ষ শান্তি আলোচক সায়েব এরেকাত শনিবার এক বিবৃতিতে বলেন, ‘দীর্ঘদিন ধরে কারাগারে আটক থাকা ওই বন্দীদের একত্রে ছেড়ে দিতে ইসরায়েল অস্বীকৃতি জানানোর কারণে চার দফায় তাঁরা মুক্তি পাবেন।’ ইসরায়েল বলেছে, ফিলিস্তিনিদের সঙ্গে নতুন করে শুরু হওয়া শান্তি আলোচনার অগ্রগতির ভিত্তিতে এসব বন্দীকে ধাপে ধাপে ছেড়ে দেওয়া হবে।চলতি সপ্তাহের শুরুতে ওয়াশিংটনে প্রথম দফা ইসরায়েল-ফিলিস্তিনি শান্তি আলোচনা অনুষ্ঠিত হয়। ইসরায়েলের বিচারমন্ত্রী ও শীর্ষ আলোচক সিপি লিভনি শনিবার বলেন, অল্প দিনের মধ্যেই নতুন দফা আলোচনা শুরু হবে। সে আলোচনা হবে মধ্যপ্রাচ্যে। এএফপি।