প্রথম দিনে প্রায় অর্ধেক অনুচ্ছেদ অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসরের নতুন সংবিধানের খসড়া চূড়ান্ত করতে গতকাল রোববার দ্বিতীয় দিনের মতো দায়িত্বপ্রাপ্ত প্যানেলের ভোট গ্রহণ চলেছে। এ ভোটের ব্যাপারে সবার দৃষ্টি থাকছে সেনাবাহিনীর ক্ষমতা নিয়ন্ত্রণ ও মর্যাদার বিষয়গুলো সংক্রান্ত অনুচ্ছেদের ওপর।
ভোটের প্রথম দিন শনিবার খসড়া সংবিধানের মোট ২৭৪টি অনুচ্ছেদের মধ্যে ১৩৮টি অনুমোদন করেছে ৫০ সদস্যের ওই প্যানেল। অনুমোদিত অনুচ্ছেদগুলোর মধ্যে একটিতে বলা আছে, এ সংবিধানের আইনের মূল উৎস হবে ইসলামি শরিয়া আইন। গণ-আন্দোলনে ক্ষমতাচ্যুত হওয়া পাশ্চাত্যের মিত্র হোসনি মোবারকের সময়ও সংবিধানে এ বিধান ছিল। অন্যান্য গুরুত্বপূর্ণ অনুচ্ছেদের মধ্যে রয়েছে ধর্মীয় দল বা ধর্মভিত্তিক রাজনৈতিক দল গঠন নিষিদ্ধ করা সংক্রান্ত একটি অনুচ্ছেদ।
গতকাল রোববার মূল আলোকপাতের বিষয় ছিল খসড়া সংবিধানের ২০৪ ও ২৩৪ নম্বর অনুচ্ছেদ। এ অনুচ্ছেদ দুটি সেনাবাহিনীসংক্রান্ত। ২০৪ অনুচ্ছেদে বলা হয়েছে ‘সশস্ত্র বাহিনী, সামরিক স্থাপনা এবং সামরিক বাহিনীর সদস্যদের ওপর সরাসরি আক্রমণের মতো অপরাধ ছাড়া অন্য কোনো কারণে বেসামরিক ব্যক্তিকে সামরিক বিচারকদের দ্বারা বিচার করা যাবে না।’
ধর্মনিরপেক্ষ শিল্পীরা এরই মধ্যে এই বিধানের প্রতিবাদে বিক্ষোভ করেছেন। তাঁরা বলছেন, এটা বিক্ষোভকারী, সাংবাদিক ও ভিন্ন মতাবলম্বীদের বিরুদ্ধে ব্যবহার করার আশঙ্কা রয়েছে। খসড়া সংবিধান সামরিক বাহিনীর ক্ষমতা খর্ব করতেও ব্যর্থ হয়েছে বলে অভিযোগ মানবাধিকার কর্মী ও আন্দোলনকারীদের। অবশ্য খসড়া সংবিধানের ব্যাপারে রোববার মিসরের গণমাধ্যমের দৃষ্টিভঙ্গি ছিল ইতিবাচক। আল-মাসরি আল-ইয়োম পত্রিকার শিরোনাম ছিল, ‘সংবিধান আসছে’। আল-ওয়াতান পত্রিকা শিরোনাম করে, ‘ভবিষ্যৎ সংবিধানের ওপরে ব্যাপক ভোট’।
সিসিকে হেগেলের ফোন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী চাক হেগেল গত শনিবার মিসরের প্রতিরক্ষামন্ত্রী ও সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল-সিসিকে ফোন করেছেন। এ সময় হেগেল মিসরে বিক্ষোভ দমনে চালু করা নতুন আইনের ব্যাপারে যুক্তরাষ্ট্রের উদ্বেগ তুলে ধরেন। একদল তরুণী ও রাজনৈতিক আন্দোলনকারীকে পুলিশ গ্রেপ্তার করার পর এ উদ্বেগ জানালেন তিনি। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের মুখপাত্র কার্ল উগ এ কথা জানান। এএফপি ও রয়টার্স।