প্রথম দিনেই রাষ্ট্রনেতাদের পেলেন মোদি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর গতকাল মঙ্গলবার ছিল নরেন্দ্র মোদির প্রথম দিন৷ দিনটি তাঁর কাটে মহাব্যস্ততায়৷ খবর এনডিটিভির৷
সকাল নয়টার দিকে মোদি গুজরাট ভবন থেকে সাউথ ব্লকে নিজের কার্যালয়ে যান৷ সেখানে প্রথমেই তিনি মহাত্মা গান্ধীর ছবির সামনে গোলাপের পাপড়ি ছিটিয়ে সম্মান জানান৷ পরে তিনি টেবিলে বসে কিছু নথিপত্রে স্বাক্ষর করেন৷
প্রধানমন্ত্রী হিসেবে দিনের প্রথম টুইটার বার্তায় মোদি ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর প্রতি সম্মান প্রদর্শন করেন৷ পরে তিনি পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজকে সঙ্গে নিয়ে আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই, মালদ্বীপের প্রেসিডেন্ট ইয়ামিন গাইয়ুম, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাহিন্দ রাজাপক্ষে, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, মরিশাসের প্রধানমন্ত্রী রামগোলাম, নেপালের প্রধানমন্ত্রী সুশীল কৈরালা, পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শিরফ ও বাংলাদেশের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন৷
এ ছাড়া ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করেন মোদি৷ সন্ধ্যায় সদ্য সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে সাক্ষাতের পর বৈঠক করেন মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে৷