প্রথম দিনের অফিস করলেন মুরসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শপথ নেওয়ার পর মিসরের নবনির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি গতকাল রোববার প্রথম দিনের অফিস করেছেন। গত বছর হোসনি মোবারক ক্ষমতাচ্যুত হওয়ার পর সামরিক বাহিনীর সর্বোচ্চ পরিষদ (স্কাফ) মিসরের প্রেসিডেন্টের ক্ষমতার লাগাম অনেকটাই টেনে ধরেছে।মিসরের প্রথম বেসামরিক ও গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর স্কাফ আনুষ্ঠানিকভাবে মুরসির কাছে ক্ষমতা হস্তান্তর করে এবং তাঁকে সমর্থন দেওয়ার অঙ্গীকারও ব্যক্ত করে।শনিবার কায়রোর সাংবিধানিক আদালতে শপথ নেন মুরসি। তবে তিনি চেয়েছিলেন, নিষিদ্ধঘোষিত মুসলিম অধ্যুষিত পার্লামেন্টে শপথ নিতে। আদালতের নির্দেশনার পরিপ্রেক্ষিতে গত মাসে স্কাফ ওই পার্লামেন্ট ভেঙে দেয়।সামরিক বাহিনীর সর্বোচ্চ পরিষদের (স্কাফ) প্রধান ফিল্ড মার্শাল হুসেইন তানতাওয়ি শনিবার আনুষ্ঠানিক ক্ষমতা হস্তান্তরের সময় ইসলামপন্থী মুরসিকে সমর্থন দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। এ সময় মুরসিকে গার্ড অব অনার দেওয়া হয়। গত মাসে পার্লামেন্ট ভেঙে দেওয়ার পর স্কাফ আইনসভার ক্ষমতা গ্রহণ করে এবং একটি শক্তিশালী জাতীয় নিরাপত্তা পরিষদ গঠন করে। প্রেসিডেন্টকে এই পরিষদের প্রধান রাখা হলেও সামরিক বাহিনীর জেনারেলরাই এতে কর্তৃত্ব করবেন। এ ছাড়া একটি নতুন শাসনতন্ত্র গঠনের জন্য পরিষদ নিযুক্তির ক্ষমতাও স্কাফ নিজেদের হাতে রেখেছে। তবে নির্বাচিত পার্লামেন্টেই নতুন শাসনতন্ত্রের জন্য পরিষদ গঠিত হওয়ার কথা ছিল। আদালতের রায়ে পার্লামেন্ট বিলুপ্ত হওয়ায় এখন আর সেই সুযোগ আর নেই।অবশ্য মুসলিম ব্রাদারহুড জোর দিয়ে বলেছে, একমাত্র নির্বাচিত পার্লামেন্ট পারে ওই পরিষদ গঠন করতে। মুরসি প্রেসিডেন্ট নির্বাচনে এই ব্রাদারহুডেরই রাজনৈতিক ফ্রন্ট ফ্রিডম অব জাস্টিস পার্টির প্রার্থী ছিলেন। তবে নির্বাচনে জয়ী হওয়ার পর তিনি দল থেকে পদত্যাগ করেন।শনিবার শপথ নেওয়ার পর মুরসি কায়রো বিশ্ববিদ্যালয়ে যান। সেখানে তিনি বক্তৃতায় বলেন, ‘এখন থেকে নির্বাচিত প্রতিষ্ঠানগুলো নিজ নিজ দায়িত্ব পালনে মনোনিবেশ করবে এবং সামরিক বাহিনীও দেশকে রক্ষার জন্য নিজেদের কাজে ফিরে যাবে।’বক্তৃতার সময় মুরসি তাঁর বেশ কিছু জাতীয় ও আন্তর্জাতিক লক্ষ্য তুলে ধরে বলেন, ‘আমি একটি গণতান্ত্রিক, আধুনিক ও সাংবিধানিক রাষ্ট্রের একজন জনসেবক মাত্র।’মুরসিকে নেতানিয়াহুর চিঠিইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মিসরের নবনির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে একটি চিঠি পাঠিয়েছেন। চিঠিতে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত শান্তিচুক্তি বহাল রাখার আহ্বান জানানো হয়। গতকাল রোববার ইসরায়েলের হারেৎজ পত্রিকার এক প্রতিবেদনে চিঠির বিষয়বস্তু তুলে ধরা হয়।নাম প্রকাশে অনিচ্ছুক এক ইসরায়েলি সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, কয়েক দিন আগে ওই চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় মুরসিকে অভিনন্দন জানানো হয়েছে। একই সঙ্গে কায়রোর নতুন সরকারকে সহযোগিতা দেওয়ার প্রস্তাবও দেওয়া হয়েছে। চিঠিতে আশা প্রকাশ করা হয়েছে, দুই দেশই মিসর-ইসরায়েল শান্তিচুক্তি মেনে চলবে ও সম্মান করবে। এএফপি।