দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে নিউ ফ্রন্টিয়ার পার্টির প্রার্থী পার্ক জিউন-হি জয়লাভ করেছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী হলেন বিরোধীদলীয় লিবারেল ডেমোক্রেটিক ইউনাইটেড পার্টির প্রার্থী মুন জে-ইন। এ জয়ের মধ্য দিয়ে পার্ক দক্ষিণ কোরিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন। নির্বাচন কর্মকর্তারা বলেছেন, যত ভোট পড়েছে, তার ৯০ শতাংশ গণনা করা হয়েছে। ফল অনুযায়ী, গণনাকৃত ভোটের ৫১ দশমিক ৬ শতাংশ ভোট পেয়েছেন সাবেক সামরিক একনায়ক পার্ক চুং-হির মেয়ে পার্ক। অন্যদিকে মুন জে-ইন পেয়েছেন ৪৮ দশমিক ৯ শতাংশ ভোট। জয় ঘোষণার পর রাজধানী সিউলে উল্লাসরত সমর্থকদের উদ্দেশে পার্ক বলেন, এ জয় জনগণের। দেশের অর্থনীতি পুনরুদ্ধারের প্রবল বাসনা ও আশায় বুক বেঁধে তারা এ জয় ছিনিয়ে এনেছে। গতকাল প্রচণ্ড ঠান্ডার মধ্যেও ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি ছিল ৭০ শতাংশের বেশি। ২০০৭ সালের নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল ৬৩ শতাংশ।সাবেক একনায়কের মেয়ে হিসেবে পার্ককে নিয়ে যেমন বিতর্ক রয়েছে, তেমনি প্রয়াত প্রেসিডেন্ট রোহ্ মু-হিউনের সঙ্গে মুন জে-ইনের ঘনিষ্ঠতা নিয়েও সমালোচনা রয়েছে। পার্ক চুং-হি ১৯৭৯ সালে আততায়ীর গুলিতে নিহত হন এবং রোহ্ মু-হিউন ২০০৯ সালে আত্মহত্যা করেন। নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে মন্থর অর্থনীতিকে গতিশীল করার প্রতিশ্রুতি দিয়েছিলেন পার্ক। আর সম্পদের বৈষম্য নিয়ে সাধারণ মানুষের উদ্বেগ নিরসনের অঙ্গীকার করেন মুন জে-ইন। এএফপি।