প্রথম নারী হিসেবে দ্বিতীয়বার বুকার পেলেন হিলারি ম্যান্টেল
ব্রিটিশ ঔপন্যাসিক হিলারি ম্যান্টেল প্রথম নারী হিসেবে দুবার ‘দ্য ম্যান বুকার’ পুরস্কার লাভ করেছেন। এ ছাড়া তিনিই প্রথম ব্রিটিশ লেখক, যিনি দুবার এই পুরস্কার পেলেন। গত মঙ্গলবার এই পুরস্কার দেওয়া হয়।ইংরেজি সাহিত্যের সম্মানজনক পুরস্কারগুলোর মধ্যে অন্যতম দ্য ম্যান বুকার। ম্যান্টেল রাজা অষ্টম হেনরির উপদেষ্টা টমাস ক্রমওয়েলকে প্রধান চরিত্র ধরে ইতিহাসনির্ভর ত্রয়ী উপন্যাসের দ্বিতীয় পর্ব ‘ব্রিং আপ দ্য বডিস’-এর জন্য এই পুরস্কার লাভ করেন। ২০০৯ সালে এই ত্রয়ী উপন্যাসের প্রথম খণ্ড ‘উলফ হল’-এর জন্য প্রথম বুকার পুরস্কার পান ম্যান্টেল। লন্ডনের গিল্ডহলে গত মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে ম্যান্টেলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার পেয়ে ম্যান্টেল বলেন, ‘এ পুরস্কার আস্থা ও আত্মবিশ্বাসের প্রতি সমর্থন। আমি নিজেকে ভাগ্যবতী মনে করছি।’ ১৯৬৯ সালে বুকার পুরস্কার চালুর পর দুবার পুরস্কার লাভ করা মাত্র তৃতীয় ব্যক্তি ম্যান্টেল। তাঁর আগে অস্ট্রেলিয়ার পিটার কারে (১৯৮৮ ও ২০০১) ও দক্ষিণ আফ্রিকার জে এম কোয়েৎজে (১৯৮৩ ও ১৯৯৯) দুবার করে এই পুরস্কার লাভ করেন। এএফপি ও বিবিসি।