প্রথম নৈশভোজে এএপির আয় ৫০ লাখ রুপি
ভারতের আম আদমি পার্টি (এএপি) গত শনিবার বেঙ্গালুরুতে এক নৈশভোজ থেকে ৫০ লাখ রুপি নির্বাচনী তহবিল সংগ্রহ করেছে। দলটির প্রধান অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে নৈশভোজ করার সুযোগ দেওয়ার মাধ্যমে নির্বাচনী তহবিল সংগ্রহ শুরু করেছে এএপি।
দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী কেজরিওয়াল বর্তমানে দুদিনের সফরে বেঙ্গালুরু রয়েছেন।
নৈশভোজের আয়োজক সংগঠনের একজন সদস্য সি এন রাধাকৃষ্ণান বলেন, ‘নৈশভোজে প্রায় ২০০ লোক যোগ দেন। অনুষ্ঠান থেকে আমরা প্রায় ৫০ লাখ রুপি সংগ্রহ করেছি।’ তিনি বলেন, ‘আমাদের প্রতি যাঁরা সমর্থন জানিয়েছিলেন, তাঁদের মধ্যে গুটি কয়েক ব্যক্তি নৈশভোজে উপস্থিত হতে পারেননি। তবে একইভাবে শিগগিরই তাঁরাও নির্বাচনী তহবিলে অবদান রাখবেন।’
ওয়েল-উইশার্স অব এএপি (এএপির হিতাকাঙ্ক্ষী) নামের সংগঠনটি ওই তহবিল সংগ্রহের উদ্যোগ নিয়েছে। এর সমন্বয়কারীর দায়িত্বে রয়েছেন ভারতের বহুজাতিক পরামর্শক প্রতিষ্ঠান ইনফোসিসের সাবেক বোর্ড সদস্য ও আসন্ন লোকসভা নির্বাচনে বেঙ্গালুরুর একটি আসনে এএপির প্রার্থী ভি বালাকৃষ্ণান।
নৈশভোজে আগত অতিথিদের সঙ্গে কেজরিওয়াল নানা বিষয়ে আলোচনা করেন। এ সময় তিনি মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ, নরেন্দ্র মোদি ও গণমাধ্যমকে নিয়ে করা তাঁর মন্তব্য ইত্যাদি বিষয়ে প্রশ্নের জবাব দেন। পিটিআই।