প্রথম বিতর্কে মিলিব্যান্ডের চেয়ে এগিয়ে ক্যামেরন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডেভিড ক্যামেরন
ডেভিড ক্যামেরন

প্রথম নির্বাচনী বিতর্কে অভিবাসন নিয়ন্ত্রণ ও রাষ্ট্রীয় ঋণ মোকাবিলা ইস্যুসহ নানা বিতর্কিত নীতি নিয়ে তুলাধোনা হয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কনজারভেটিভ পার্টির নেতা ডেভিড ক্যামেরন। কিন্তু বিরোধী দল লেবার পার্টির নেতা এড মিলিব্যান্ডের অপেক্ষাকৃত দুর্বল নেতাসুলভ ভাবের কারণে জনমত বলছে, বিতর্কের ফলাফল ক্যামেরনের পক্ষেই গেছে।
বিতর্ক-পরবর্তী জনমত জরিপে ৫৪ শতাংশ ভোটার ক্যামেরনের আবার প্রধানমন্ত্রী হওয়ার পক্ষে রায় দিয়েছেন।
৭ মে অনুষ্ঠেয় পার্লামেন্ট নির্বাচন সামনে রেখে যুক্তরাজ্যের প্রধান দুই রাজনৈতিক দলের নেতা টিভি পর্দায় সরাসরি প্রশ্নোত্তর পর্বে অংশ নেন। ‘ব্যাটল ফর নাম্বার টেন’ শীর্ষক প্রথম বিতর্কে দর্শকদের পাশাপাশি ঝানু উপস্থাপক জেরেমি প্যাক্সম্যান প্রশ্নবাণে দুই নেতার ওজন পরখ করেন।
অর্থনীতি ভালো করলেও কী কারণে তাঁর মেয়াদে দাতব্য খাদ্য সংস্থার (ফুড ব্যাংক) ওপর নির্ভরশীল মানুষের সংখ্যা বাড়ল, সে প্রশ্নে সুবিধা করতে পারেননি প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। লিবিয়াকে অস্থিতিশীল এবং ধ্বংসস্তূপে পরিণত করে ফেলে আসা ঠিক হয়েছে কি না—এমন প্রশ্নেরও জবাব দিয়েছেন ঘুরিয়ে। ক্যামেরন বলেন, অভিবাসন নিয়ন্ত্রণে ব্যর্থ হলেও তাঁর সরকার ইইউর বাইরের দেশ থেকে আসা অভিবাসীর সংখ্যা ১৩ শতাংশ কমিয়েছে। রাষ্ট্রীয় কল্যাণ ব্যয় হ্রাস অব্যাহত রাখার ঘোষণা দেন ক্যামেরন।

এড মিলিব্যান্ড
এড মিলিব্যান্ড


অন্যদিকে দলের নীতি নিয়ে নয়, বরং বড় ভাই ডেভিড মিলিব্যান্ডকে পরাজিত করে লেবার পার্টির নেতা হওয়া প্রসঙ্গে বিব্রতকর অবস্থায় পড়েন এড মিলিব্যান্ড। ইউরোপীয় ইউনিয়ন এবং অভিবাসন নীতি প্রশ্নে এড মিলিব্যান্ড বলেন, যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়নে থাকবে এমনটাই চায় তাঁর দল। অভিবাসন নিয়ন্ত্রণ করতে চাইলেও এ বিষয়ে কোনো সর্বোচ্চ সীমা বেঁধে দিতে নারাজ তিনি। এড মিলিব্যান্ড দাবি করেন, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হওয়ার মতো যথেষ্ট দৃঢ় মনোভাব তাঁর আছে।
বিবিসির ডেপুটি পলিটিক্যাল এডিটর জেমস ল্যান্ডেলের মূল্যায়ন, এটা কোনো মুখোমুখি বিতর্ক ছিল না। ছিল একের পর এক ভিত্তিতে চাকরির সাক্ষাৎকার। আর তা হয়েছেও বেশ ভালোই। ভোটারদের তা সুযোগ করে দিয়েছে জেরেমি প্যাক্সম্যানের কঠোর প্রশ্নবাণের মাধ্যমে সম্ভাব্য দুই প্রধানমন্ত্রীকে ঝালিয়ে নিতে।