প্রথম বিদেশ সফরে চীন যাচ্ছেন নওয়াজ শরিফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ চলতি সপ্তাহে চীন যাচ্ছেন। দায়িত্ব নেওয়ার পর এটাই তাঁর প্রথম বিদেশ সফর। নওয়াজ তাঁর এ সফরে পাকিস্তানের অর্থনৈতিক দুরবস্থা ও জ্বালানি খাতের গুরুতর সংকট সমাধানে পুরোনো মিত্র চীনের সহায়তা পাওয়ার ওপর জোর দেবেন বলে মনে করা হচ্ছে। ইসলামাবাদে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত বলেছেন, নওয়াজের সফর দ্বিপক্ষীয় সম্পর্ক ও অর্থনৈতিক সহযোগিতা জোরদার করবে।নওয়াজ শরিফ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বেশ কিছু বড় সমস্যার মুখোমুখি। এর মধ্যে রয়েছে দুর্বল অর্থনৈতিক প্রবৃদ্ধি, মুদ্রাস্ফীতি, বিদেশি মুদ্রার সঞ্চয়ের অবনতি ও দিনে ২০ ঘণ্টা পর্যন্ত লোডশেডিংয়ের কারণে শিল্প খাতে ধস। নওয়াজ তাঁর নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতিগুলোর মধ্যে অর্থনীতিকে চাঙা করা এবং বিদ্যুৎ-সংকট সমাধানকে সবার আগে রেখেছিলেন। গত মে মাসে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে জয়ের পর থেকে তিনি বেইজিংয়ের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার চেষ্টা করে আসছেন। নওয়াজ শরিফ ৪ থেকে ৮ জুলাই পর্যন্ত সফরে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং, প্রধানমন্ত্রী লি কেকিয়াং ছাড়াও আর্থিক ও করপোরেট খাতের নেতাদের সঙ্গে বৈঠক করবেন। নওয়াজের সফরের আগে ইসলামাবাদে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত গতকাল সোমবার সান ওয়েইদং বলেন, দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার ও অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণে এই সফর বিশেষ গুরুত্ব বহন করে। নওয়াজ-মনমোহন বৈঠক সেপ্টেম্বরে: আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের সময় নওয়াজ শরিফ ও ভারতের প্রধানমন্ত্রীমনমোহন সিংয়ের মধ্যে বৈঠক হতে পারে। নওয়াজ শরিফের পররাষ্ট্রবিষয়ক বিশেষ দূত সারতাজ আজিজ এ কথা জানিয়েছেন। তিনি গতকাল ব্রুনেইয়ে আসিয়ানের সম্মেলন চলার পাশাপাশি ভারতের পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদের সঙ্গে বৈঠকের পর সম্ভাব্য ওই বৈঠকের বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এএফপি ও ডন।