প্রথম বেসরকারি মহাকাশ যান ড্রাগনের যাত্রা শুরু
আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) রসদ সরবরাহের উদ্দেশ্যে যাত্রা করল প্রথম বেসরকারি মহাকাশযান ‘ড্রাগন’। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেপ কেনাভেরাল থেকে ফ্যালকন রকেটে করে এই কার্গো যানটিকে পাঠানো হয়েছে। গত রোববার স্থানীয় সময় রাত আটটা ৩৫ মিনিটে এটি আইএসএসের উদ্দেশে যাত্রা করে। এটি বেসরকারি মালিকানাধীন প্রতিষ্ঠান স্পেসএক্স নির্মিত প্রথম মহাকাশ যান।আইএসএসে অবস্থানরত নভোচারীদের জন্য প্রয়োজনীয় খাবার, পোশাক, অন্যান্য উপকরণসহ প্রায় ৪০০ কেজি সরঞ্জাম নিয়ে রওনা হয়েছে মহাকাশযান ড্রাগন। নিয়মিত পণ্য পরিবহনের জন্য এটিকে ব্যবহারের পরিকল্পনা করছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। আজ বুধবার ড্রাগনটির আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে পৌঁছার কথা। সেখানে এটি দুই সপ্তাহ অবস্থান করবে। এর আগে নাসা গত বছর মহাকাশযান আটলান্টিসের মিশন সমাপ্ত ঘোষণার পর এই প্রথম আইএসএসে রসদ পরিবহনের জন্য বেসরকারি মহাকাশযান ‘ড্রাগন’ ব্যবহার করা হচ্ছে। গত মে মাসে ড্রাগন পরীক্ষামূলকভাবে মহাকাশে ভ্রমণ করে। আগামী মাসের শেষ দিকে ড্রাগন পৃথিবীতে ফিরে আসবে বলে ধারণা করা হচ্ছে। বিবিসি।