প্রথম শৌচাগার পার্ক
কোরিয়ায় রয়েছে ঐতিহ্যবাহী ‘স্কোয়াট’। রয়েছে ‘ইউরোপিয়ান বেডপ্যান’। বিশ্বের নানা প্রান্তের এ রকম অনেক আকর্ষণীয় শৌচাগার দিয়েই দেশটি তৈরি করেছে চমৎকার শৌচাগার পার্ক। বলা হচ্ছে, শৌচাগার নিয়ে তৈরি এটিই পৃথিবীর প্রথম থিমপার্ক। যেখানে রয়েছে শৌচাগার আকৃতির আকর্ষণীয় একটি বাড়িও। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের বাইরে সুওয়ান শহরে অবস্থিত এই পার্ক। শৌচাগার আকৃতির ওই বাড়িকে কেন্দ্র করেই পার্কটি তৈরি হয়েছে। বাড়িটি ছিল ওয়ার্ল্ড টয়লেট অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি সিম জেই-ডাকের। তাঁর মৃত্যুর পর বাড়িটি জাদুঘর হিসেবে চালু করা হয়। জাদুঘরের বাইরে তৈরি করা হয় বিভিন্ন মডেলের শৌচাগার ও ব্যক্তির ভাস্কর্য। লৌহসামগ্রীর ব্যবসা করে ভাগ্যের পরিবর্তন করেছিলেন সিম। কিন্তু তাঁর জন্ম ও বেড়ে ওঠা একটি অনগ্রসর পরিবারে। শৈশবের নোংরা আর অস্বাস্থ্যকর শৌচাগারই তাঁর চিন্তাভাবনায় প্রভাব ফেলেছিল। আর সে চিন্তা থেকেই তিনি শুরু করেন স্বাস্থ্যকর শৌচাগার নির্মাণের পক্ষে সামাজিক আন্দোলন।তবে সিমের এই সামাজিক আন্দোলন বিশ্বব্যাপী স্বীকৃতি পায় ২০০২ বিশ্বকাপ ফুটবলে। ওই বিশ্বকাপের আয়োজক ছিল দক্ষিণ কোরিয়া। বিশ্বের বিভিন্ন দেশের ফুটবলারদের জন্য উপযোগী শৌচাগার নির্মাণ করেই তাঁর এ স্বীকৃতি। ২০০৯ সালে ৭০ বছর বয়সে মারা যান সিম। রয়টার্স।