ভারতের লোকসভা নির্বাচন: সংসদীয় দলের নেতা নির্বাচিত, ২৬ মে শপথ
প্রথম সংসদে গিয়ে মোদির চোখে জল

জীবনে প্রথমবার সংসদ ভবনে ঢোকার মুহূর্তে তিনি সিঁড়িতে মাথা ঠেকালেন৷ সংসদীয় দলের বৈঠকে নেতা নির্বাচনের পর ভাষণ দিতে গিয়ে কেঁদেও ফেললেন। তিনি নরেন্দ্র মোদি। বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতের চতুর্দশ প্রধানমন্ত্রী হিসেবে তিনি শপথ নেবেন ২৬ মে সন্ধ্যা ছয়টায় রাষ্ট্রপতি ভবনের প্রশস্ত আঙিনায়৷
তার আগে গতকাল মঙ্গলবার আবেগঘন ভাষণে মোদি জানিয়ে দিলেন, তাঁর সরকার গরিব মানুষের কথা শুনবে, তাদের হিতে কাজ করবে। ২০১৯ সালে আবার তিনি সবার মুখোমুখি হবেন তাঁর সরকারের পাঁচ বছরের কাজের জবাবদিহি করতে।
মঙ্গলবারের দিনটা ছিল আক্ষরিক অর্থেই মোদিময়। বেলা ১২টায় সংসদ ভবনের সেন্ট্রাল হলে বিজেপির সংসদীয় দলের বৈঠকে যোগ দিতে আসেন মোদি। জীবনে এটাই সংসদ ভবনে তাঁর প্রথম প্রবেশ। মোদি যাঁকে ভারতীয় গণতন্ত্রের মন্দির বলে আখ্যা দিয়েছেন, সেখানে ঢোকার আগে সবুজ কার্পেটে মোড়া সিঁড়িতে মাথা ঠেকিয়ে প্রণাম করলেন। ভাবাবেগ যে দিনভর সঙ্গী হতে চলেছে, তার আঁচ ওখানেই পাওয়া গেল। এরপর সংসদীয় দলের নেতা হিসেবে মোদির নাম প্রস্তাব করলেন তাঁরই রাজনৈতিক গুরু লালকৃষ্ণ আদভানি। একে একে সেই প্রস্তাব সমর্থন করলেন মুরিল মনোহর যোশী, নিতিন গড়কড়ি, ভেঙ্কাইয়া নাইডু, অরুণ জেটলি, সুষমা স্বরাজ, রবিশঙ্কর প্রসাদ, কারিয়া মুন্ডা, মুখতার আব্বাস নাকভি ও গোপীনাথ মুন্ডেরা। দলীয় সভাপতি রাজনাথ সিং এরপর সংক্ষেপে দলের সাফল্য বর্ণনা করেন৷
আদভানির ভাষণে বারবার ভর করল আবেগ৷ তিনিই জানালেন, মোদি ও নিতিন গড়কড়ির এই প্রথম লোকসভায় আসা। জীবনের কোনো কোনো সন্ধিক্ষণে চোখ জলে ভরে যায় মন্তব্য করে আদভানি বলেন, মঙ্গলবারের দিনটা তেমনই। আর বিজেপি ও মোদির ‘কৃপা’তেই এই ঐতিহাসিক সাফল্য। এ কথাই কাঁদিয়ে দেয় মোদিকে৷
মোদির ভাষণের শুরুতে কিন্তু অশ্রুপাতের কোনো ইঙ্গিত ছিল না। দেশের মানুষের চাহিদা, তাদের প্রতি আশা ইত্যাদির কথা বলে তিনি জানান, ১৩ সেপ্টেম্বর দল তাঁকে একটা দায়িত্ব (প্রধানমন্ত্রী পদপ্রার্থী) দিয়েছিল। ১০ মে প্রচারণার শেষ দিনে দলীয় সভাপতির সঙ্গে দেখা করে দায়িত্বের রিপোর্ট পেশ করেন। মোদি বলেন, ‘এই যে দায়িত্ব পেয়েছি, পাঁচ বছর পরে আবার আমি হাজির হব। রিপোর্ট পেশ করব, কী পেরেছি কী পারিনি তার।’
মোদি আরও বলেন, ‘সংসদ ভবনে এটাই আমার প্রথম আগমন। গুজরাটের বিধানসভা ভবন, মুখ্যমন্ত্রীর অফিসও আমি আগে দেখিনি। মুখ্যমন্ত্রী হওয়ার পরে দেখেছি।’ আদভানির উদ্দেশে এরপর তিনি বলেন, ‘উনি একটা কথা বলেছেন, অনুরোধ করব ওই কথা না বলতে। আমি কৃপা করিনি।’ বলতে বলতে মোদি মাথা ঝুঁকিয়ে দেন। নাক টানতে থাকেন। জল চান। জল খেয়ে ধরা গলায় বলতে থাকেন, ‘মায়ের সেবা করেছি। এটা কৃপা নয়। ছেলে কখনো মাকে কৃপা করতে পারে না। ভারত যেমন আমার মা, ভারতীয় জনতা পার্টিও তেমন আমার মা।’ মোদির ভাবাবেগ মুহূর্তের মধ্যে সংক্রমিত হয়ে যায়। সাংসদে বোঝাই সেন্ট্রাল হলের বহু নেতাই চোখ মুছতে থাকেন। মিনিট খানেকের মধ্যে নিজেকে সামলিয়ে নিয়ে মোদি বলেন, ‘এটা ছিল আশার ভোট।... আমাদের জিম্মাদারির সময় শুরু হলো। এই প্রথম স্বাধীন ভারতে জন্মানো কেউ প্রধানমন্ত্রী হচ্ছে। দেশের স্বাধীনতার জন্য লড়তে পারিনি কিন্তু দেশের জন্য লড়ব।’
হবু প্রধানমন্ত্রী আরও বলেন, মোদিকে যাঁরা উঁচু মনে করছেন তাঁদের বলি, মোদির মাথা উঁচু হয়নি। মোদির উচ্চতা বাড়াতে দলের শীর্ষ নেতারা তাকে কাঁধে তুলে রেখেছেন।
বিজেপির সংসদীয় দলের বৈঠকের পর এনডিএর শরিকদেরও বৈঠক হয়। মোদিকে তাঁরাও নেতা বলে মেনে নেন। এরপর মোদি যান রাষ্ট্রপতি ভবনে। প্রণব মুখোপাধ্যায় তাঁকে বিপুল সাফল্যের জন্য অভিনন্দন জানান। নিয়ম অনুযায়ী মোদি মন্ত্রিসভা গঠনের দাবি জানান। এ জন্য দিন স্থির হয় ২৬ মে, সোমবার, সন্ধ্যা ছয়টা।
মন্ত্রিসভা এখনো চূড়ান্ত হয়নি। মোদির ইচ্ছানুযায়ী ‘কম মন্ত্রী বেশি সুশাসন’-এর নীতি এখানে কতটা কাজ করবে সে বিষয়েও সংশয় দেখা দিচ্ছে। ‘বেআইনি প্রবেশকারীদের’ মোকাবিলায় নতুন একটি মন্ত্রক গঠন করা যায় কি না, তা নিয়েও জোর কথাবার্তা চলছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে ‘ফরেন রেসিডেন্টস রেজিস্ট্রেশন অফিস’ (এফআরআরও) অর্থাৎ বিদেশি নাগরিক নিবন্ধন দপ্তর রয়েছে। তার পরিধি বাড়ানো হবে কি না চিন্তাভাবনা তা নিয়েই। বিজেপির সম্ভাব্য মন্ত্রীদের একজন এই বিষয়ে গতকাল প্রথম আলোকে বলেন, ‘এটুকু বলতে পারি, ২৬ তারিখের আগে কিছুই নিশ্চিত নয়।’
আগে ঠিক ছিল, মোদির সঙ্গে ২৫ জনের মন্ত্রিপরিষদ শপথ নেবে। এখন শোনা যাচ্ছে, শপথ গ্রহণ পিছিয়ে যাওয়ায় সবটাই একসঙ্গে করে ফেলা হবে। মন্ত্রীদের সম্ভাব্য তালিকা নিয়ে গতকালের ভাবনাটা হলো: রাজনাথ সিং (স্বরাষ্ট্র), অরুণ জেটলি (অর্থ), রবিশঙ্কর প্রসাদ (পররাষ্ট্র), সুষমা স্বরাজ (মানবসম্পদ উন্নয়ন), মুরিল মনোহর যোশী (প্রতিরক্ষা), অরুণ শৌরি (বাণিজ্য), নিতিন গড়কড়ি (রেল), সুরিন্দর সিং আলুওয়ালিয়া (সংসদীয় বিষয়ক), বাবুল সুপ্রিয় (প্রতিমন্ত্রী, সংস্কৃতি), রামবিলাস পাসোয়ান (টেলিযোগাযোগ)। আর কাল শোনা গেল, ৮৬ বছরের প্রবীণ আদভানি স্পিকার পদে আগ্রহী নন। তাঁকে হয় এনডিএর চেয়ারম্যানই রাখা হবে, নতুবা বিদায়ী ইউপিএর মতো জাতীয় উপদেষ্টা পরিষদ গঠন করা হলে তাঁকে এর চেয়ারম্যান করা হতে পারে৷