প্রথম স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে কর্মসংস্থানকে গুরুত্ব দিলেন ওবামা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা গত বুধবার তাঁর প্রথম স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণ দিয়েছেন। তিনি তাঁর ভাষণে বলেছেন, যুক্তরাষ্ট্রকে অবশ্যই কর্মসংস্থানের ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। এ লক্ষ্যে তিনি আগামী পাঁচ বছরে যুক্তরাষ্ট্রের রপ্তানির পরিমাণ দ্বিগুণ করার একটি নতুন লক্ষ্যমাত্রা নির্ধারণ করছেন। এতে যুক্তরাষ্ট্রে আরও ২০ লাখ লোকের কর্মসংস্থান হবে বলে তিনি মনে করেন।মার্কিন কংগ্রেসের যৌথ সভায় প্রথম স্টেট অব দ্য ইউনিয়ন বক্তৃতায় প্রেসিডেন্ট ওবামা দৃঢ়কণ্ঠে বলেন, ‘আমি দমে যাওয়ার পাত্র নই। পরিবর্তনের কথা বলে আমি নির্বাচনী প্রচার চালিয়েছিলাম। তবে এখন এ পরিবর্তন নিয়ে অনেকের মধ্যেই সংশয় বিরাজ করছে। অনেকেই মনে করছেন, আমার পক্ষে এ পরিবর্তন সাধন সম্ভব কিনা।’এ প্রসঙ্গে ওবামা বলেন, ‘আমি কখনো বলিনি পরিবর্তন সহজেই অর্জন করা সম্ভব হবে। কখনো বলিনি পরিবর্তন আমার একার পক্ষে করা সম্ভব।’অর্থনৈতিক মন্দা দূর করাসহ দেশজুড়ে বেকারত্ব দূর করার ঘোষণা দিয়ে ওবামা বলেন, ‘কর্মহীন জনগোষ্ঠীর জন্য কাজের সুযোগ সৃষ্টি করাই হবে আমার এ বছরে প্রথম অগ্রাধিকার।’ কর্মসংস্থানবিষয়ক একটি আইন প্রণয়নের জন্যও তিনি আইনপ্রণেতাদের প্রতি জরুরি আহ্বান জানান।প্রথা অনুযায়ী প্রতিবছর জানুয়ারি মাসের শেষ দিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট স্টেট অব দ্য ইউনিয়ন বক্তৃতা দিয়ে থাকেন। কংগ্রেসের এ যৌথ সভায় উপস্থিত থাকেন কংগ্রেস ও সিনেট সদস্যরা। মন্ত্রিপরিষদ, বিচার বিভাগ, সামরিক-বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে প্রেসিডেন্ট জাতির কাছে তাঁর বক্তব্য তুলে ধরেন।বুধবার সন্ধ্যায় স্টেট অব দ্য ইউনিয়ন বক্তৃতার জন্য প্রেসিডেন্ট ওবামা কংগ্রেসে উপস্থিত হলে সমবেত কংগ্রেস ও সিনেট সদস্যরা তাঁকে স্বাগত জানান। বেতার টেলিভিশনে জাতীয়ভাবে সরাসরি সম্প্রচারিত ওই বক্তৃতায় প্রেসিডেন্ট ওবামা মার্কিন জনগণকে আবার উদ্দীপ্ত করার চেষ্টা করেন।ওবামা তাঁর ৬৮ মিনিটের ওই বক্তৃতায় আরও বলেন, ‘পরিবর্তন সহজে আসার বিষয় নয়। যাত্রাপথ যতই কঠিন হোক, বিতর্ক যত পীড়াদায়কই হোক না কেন, আমাদের অগ্রযাত্রার জন্য সমস্যা সমাধানে আন্তরিক হওয়ার এখনই সময়।’প্রেসিডেন্ট ওবামা তাঁর দীর্ঘ বক্তৃতার দুই-তৃতীয়াংশ সময় ব্যয় করেন দেশের মন্দা অর্থনীতি, বেকারত্ব এবং কর্মসংস্থান প্রসঙ্গে। তিনি বলেন, দেশজুড়ে অর্থনীতি নিয়ে উত্কণ্ঠা বিরাজ করছে। জনহতাশার কথা উল্লেখ করে তিনি নতুন করে অর্থনীতিকে চাঙা করার আইন প্রণয়নের জন্য আইনপ্রণেতাদের প্রতি আহ্বান জানান। স্বাস্থ্য খাত সংস্কার কর্মসূচির উল্লেখ করে প্রেসিডেন্ট ওবামা আইনপ্রণেতাদের উদ্দেশে বলেন, সংস্কার উদ্যোগ থেকে সরে দাঁড়াবেন না। বিশেষ করে যখন উদ্যোগটি বাস্তবায়নের দ্বারপ্রান্তে। তিনি আইনপ্রণেতাদের উদ্দেশে বলেন, ‘আমাদের স্বীকার করতেই হবে অর্থকড়ির ঘাটতির চেয়ে বিশ্বাসের ঘাটতি আমাদের বেশি। দীর্ঘদিন থেকে ওয়াশিংটনের সঙ্গে জনগণের বিশ্বাসের যে দূরত্ব সৃষ্টি হয়েছে, তা আমাদের দূর করতে হবে।’ওবামা তাঁর এক বছরের শাসনামলে কিছু ভুলত্রুটির দায় স্বীকার করেন। তবে গত এক বছরে তাঁর সাফল্য, অর্থনৈতিক দুরবস্থা সামাল দেওয়া এবং লাখ লাখ লোকের চাকরি রক্ষার মতো সাফল্যের কথাও উল্লেখ করেন। তিনি আগামী তিন বছরের জন্য সরকারি ব্যয় সংকোচন, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীসহ মধ্যবিত্তের জন্য কর হ্রাস করার কর্মসূচি ঘোষণা করেন।ওবামার ওই বক্তৃতার পরপরই রিপাবলিকান পার্টির পক্ষ থেকে প্রতিক্রিয়া জানানো হয়। ভার্জিনিয়া থেকে নির্বাচিত রিপাবলিকান গভর্নর বব ম্যাকডনেল তাঁর দলের পক্ষে দেওয়া প্রতিক্রিয়ায় বলেন, ব্যয় সংকোচনের কথা জোরে উচ্চারিত হলেও প্রেসিডেন্ট ওবামা তাঁর বক্তৃতায় এ ক্ষেত্রে ক্ষুদ্র পদক্ষেপের কথা বলেছেন। রিপাবলিকানদের ভাষ্যমতে, সরকারি ব্যয় সংকোচনের যে ঘোষণা প্রেসিডেন্টের বক্তৃতায় এসেছে, তা যথেষ্ট নয়। প্রেসিডেন্ট তাঁর বক্তৃতায় জাতীয় নিরাপত্তাকেও ততটা গুরুত্ব দেননি।