প্রথমবারের মতো গাজায় খালেদ মেশাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হামাসের নির্বাসিত রাজনৈতিক নেতা খালেদ মেশাল প্রথমবারের মতো গাজা উপত্যকায় গেছেন। হামাসের ২৫তম বর্ষপূর্তি উপলক্ষে তিনি গতকাল শুক্রবার গাজায় প্রবেশ করে মাটি চুম্বন করেন এবং ফিলিস্তিনের মাটিতে ‘শহীদ’ হওয়ার ইচ্ছা প্রকাশ করেন। ১৯৬৭ সালে পশ্চিম তীর ছেড়ে গিয়েছিলেন মেশাল। ৪৫ বছর পর তিনি গতকাল ফিলিস্তিনি ভূখণ্ডে পা রাখলেন। তিন দিনের এ সফরে তাঁর সঙ্গী হিসেবে রয়েছেন সহযোগী মুসা আবু মারজুক এবং হামাসের অন্য নেতারা। মাটি চুম্বনের পর তিনি আলিঙ্গন করেন গাজায় হামাসের প্রধানমন্ত্রী ইসমাইল হানিয়াকে।মেশাল আজ শনিবার একটি বিশাল সমাবেশে যোগ দেবেন। তাঁর উপস্থিতিতে হামাস আরও আত্মবিশ্বাসী হয়ে উঠবে বলে ধারণা করা হচ্ছে। হামাসের মুখপাত্র সামি আবু জুহরি বলেন, মেশালের গাজা সফর ইসরায়েলি দখলদারির বিরুদ্ধে হামাসের প্রতিরোধের ফল।মেশাল গাজায় পৌঁছানোর পরপরই দেখতে যান ইসরায়েলি হামলায় গত মাসে নিহত সামরিক কর্মকর্তা আহমেদ জাবারির বিধ্বস্ত গাড়ির ধ্বংসাবশেষ। হামাসের নির্বাসিত আরেক নেতা ইজ্জত আল-রিশক বলেন, অবশেষে গাজায় পদার্পণ তাঁর জন্য একটি অসাধারণ অভিজ্ঞতা। সফরকালে মেশাল হামাসের প্রতিষ্ঠাতা প্রয়াত শেখ আহমেদ ইয়াসিনের বাড়িতে যাবেন বলে ধারণা করা হচ্ছে। মিসরের রাফাহ সীমান্ত দিয়ে গাজায় প্রবেশ করেন মেশাল। হামাসের জ্যেষ্ঠ নেতা মাহমুদ আল-জাহার বলেন, ফিলিস্তিনিরা নিজ ভূমি থেকে কতকাল ধরে দূরে রয়েছে, তা গুরুত্বপূর্ণ নয়। বিজয়ের পর তিনি অবশ্যই ফিরে আসবেন।ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইগাল পালমর বলেন, গাজায় কারও প্রবেশ নিয়ে ইসরায়েলের কিছু বলার নেই। হামাসের অভ্যন্তরে কোনো নির্দিষ্ট ব্যক্তিকে ইসরায়েল ভিন্নভাবে বিবেচনা করে না। পশ্চিম তীরের সিলওয়াদ শহরে ১৯৫৬ সালে জন্মগ্রহণকারী মেশাল ১৯৬৭ সালের যুদ্ধের পর কুয়েতে চলে যান। ১৯৭১ সালে তিনি মুসলিম ব্রাদারহুডে যোগ দেন। ১৯৮৭ সালে হামাস প্রতিষ্ঠিত হয়। ইরাকি বাহিনী ১৯৯১ সালে কুয়েত আক্রমণের পর জর্ডানে আশ্রয় নেন মেশাল। জর্ডানে তিনি ১৯৯৭ সালে ইসরায়েলি হামলা থেকে রক্ষা পান। ইসরায়েল আরও কয়েকবার চেষ্টা চালিয়েও মেশালকে হত্যা করতে ব্যর্থ হয়। এএফপি, রয়টার্স ও বিবিসি।