প্রথমেই কালোটাকা তদন্তে নামল নরেন্দ্র মোদির সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দায়িত্ব গ্রহণের পর প্রথম সিদ্ধান্তে কালোটাকার বিষয়টি তদন্তের জন্য বিশেষ তদন্ত দল গঠন করেছে নরেন্দ্র মোদির সরকার৷ মূলত বিদেশে পাচার করা কালোটাকার খোঁজ নেবে এ দলটি৷ খবর আইএএনএসের৷
প্রধানমন্ত্রী মোদির সভাপতিত্বে গতকাল মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রিসভার প্রথম বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়৷
মন্ত্রিসভার বৈঠকের পর সংবাদ সম্মেলনে আইন ও টেলিযোগাযোগবিষয়ক মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ বলেন, তদন্ত দলের প্রধান হবেন সুপ্রিম কোর্টের সাবেক বিচারক এম বি শাহ৷ মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ বলেন, ‘এটা খুব সন্তুষ্টির বিষয় যে, আমরা সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী কালোটাকা ফিরিয়ে আনতে একটি বিশেষ তদন্ত দল গঠন করতে পেরেছি৷’
তদন্ত দলের সদস্যদের মধ্যে থাকবেন রাজস্ব সচিব, কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর, ইন্টেলিজেন্স ব্যুরোর (আইবি) পরিচালক, এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট, সিবিআইয়ের পরিচালক এবং গোয়েন্দা সংস্থা ‘র’ পিরচালকসহ আরও কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা৷
সরকারি কোনো সুনির্দিষ্ট হিসাব না থাকলেও বিভিন্ন হিসাব থেকে ধারণা করা হয়, ভারতে প্রচলিত কালোটাকার অঙ্ক এক লাখ ৪০ হাজার কোটি ডলার পর্যন্ত হতে পারে৷