প্রদর্শনী থেকে নামিয়ে ফেলা হলো মকবুল ফিদার ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পিকাসো নামে পরিচিত চিত্রকর মকবুল ফিদা হুসেনের ছবি নিয়ে আবারও হুমকি দিয়েছে উগ্র হিন্দুত্ববাদী সংগঠন শিবসেনা। এ কারণে দিল্লিতে একটি শিল্পকলা প্রদর্শনী থেকে তাঁর আঁকা ছবিগুলো নামিয়ে রাখা হয়েছে। ফিদা হুসেন গতকাল শুক্রবার ছবি নামিয়ে ফেলার বিষয়টি স্বীকার করেছেন।গত বৃহস্পতিবার দিল্লিতে শুরু হয়েছে দিল্লি আর্ট সামিট। এখানের আর্ট গ্যালারিতে ঠাঁই পায় ফিদা হুসেনের তিনটি শিল্পকর্ম। কিন্তু তাঁর ছবি দেখে চটে যায় শিবসেনা কর্মীরা। ই-মেইল ও ফোনে হুমকি দেওয়া হয় গ্যালারি কর্তৃপক্ষকে। এতে বলা হয়, ওই ছবি সরানো না হলে হামলা করা হবে।দিল্লি আর্ট গ্যালারির কর্ণধার আশিস আনন্দ বলেছেন, হুমকির কারণে এবং নিরাপত্তার দিকটি বিবেচনা করে ছবিগুলো নামিয়ে ফেলা হয়েছে। নিরাপত্তা নিশ্চিত হলে ছবিগুলো আবারও প্রদর্শনের বিষয়টি তাঁরা ভেবে দেখবেন। এ নিয়ে বৈঠক হচ্ছে সরকারের সঙ্গে।হিন্দু দেবদেবীর নগ্ন ও কথিত যৌন আবেদনময় ছবি এঁকে ফিদা হুসেন হিন্দু মৌলবাদীদের রোষানলে পড়েন। তাঁকে হত্যার জন্য এক কোটি ১৫ লাখ ডলার পুরস্কার ঘোষণা করে একটি হিন্দু মৌলবাদী গোষ্ঠী। ২০০৬ সালে তিনি ভারত ছেড়ে চলে যান। ২০১০ সালে তিনি কাতারের নাগরিকত্ব গ্রহণ করেন। এএফপি।