প্রদর্শনের জন্য সংরক্ষণ করা হচ্ছে কিমের মরদেহ
উত্তর কোরিয়ার প্রয়াত নেতা কিম জং-ইলের মরদেহ সংরক্ষণ করে তা প্রদর্শন করা হবে। তাঁর সম্মানে দেশজুড়ে স্মৃতিস্তম্ভও নির্মাণ করা হবে। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।প্রতিবেদনে বলা হয়, ‘মহান নেতা কিম জং-ইল বেঁচে থাকতে যেমন ছিলেন, ঠিক সেভাবেই তাঁর মরদেহ সংরক্ষণ করা হবে। কুমসুসান মেমোরিয়াল প্যালেসে তা প্রদর্শন করা হবে।’ কিম জং-ইলের বাবা ও উত্তর কোরিয়ার প্রথম প্রেসিডেন্ট কিম ইল সাংয়ের মরদেহও প্রদর্শনের জন্য কুমসুসান মেমোরিয়াল প্যালেসে রাখা হয়েছে।কিম জং-ইল ৬৯ বছর বয়সে গত ১৭ ডিসেম্বর হূদেরাগে আক্রান্ত হয়ে মারা যান। তিনি ১৭ বছর উত্তর কোরিয়ার ক্ষমতায় ছিলেন।কেসিএনএর প্রতিবেদনে বলা হয়, উত্তর কোরিয়ার ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি এ সিদ্ধান্ত নিয়েছে। তারা কিম জং-ইলকে ‘চিরঞ্জীব নেতা’ বলে মনে করে। ইলের একটি ব্রোঞ্জের ভাস্কর্যও তৈরি করা হবে। প্রতিবেদনে আরও বলা হয়, দেশজুড়ে ইলের হাস্যোজ্জ্বল ছবি ও তাঁর স্মৃতিস্তম্ভ স্থাপন করা হবে। আগামী ১৬ ফেব্রুয়ারি ইলের জন্মদিন। ‘দিনটি জাতির জন্য মঙ্গলময়’ ও সরকারি ছুটির দিন।ইংরেজিতে ওয়েবসাইট: উত্তর কোরিয়ার ক্ষমতাসীন দলের প্রধান সংবাদপত্র রোদং সিনমুন-এর ওয়েবসাইট ইংরেজি ভাষায়ও চালু হয়েছে। ওয়েবসাইটে দেশটির নতুন নেতা কিম জং-উন সম্পর্কে নানা তথ্য ও ছবি, দেশের রাজনৈতিক বিষয় এবং দক্ষিণ কোরিয়া সরকারের সমালোচনা করে অনেক প্রতিবেদন রয়েছে। এএফপি।