নেপালের প্রধান বিচারপতি খিলরাজ রেগমি আসন্ন নির্বাচনে অন্তর্বর্তী সরকারের প্রধানের দায়িত্ব পালন করবেন। অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে তিনি গতকাল বৃহস্পতিবার শপথ নেন। সরকারি টেলিভিশনে তাঁর শপথগ্রহণ অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হয়।১০ মাস ধরে অচলাবস্থার পর নেপালের বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে গত বুধবার মতৈক্যে পৌঁঁছায়। এটি হবে ২০০৬ সালে গৃহযুদ্ধের অবসানের পর দেশটিতে দ্বিতীয় নির্বাচন। আগামী ২১ জুনের মধ্যে এ নির্বাচন অনুষ্ঠানের কথা থাকলেও বিষয়টি নিয়ে সংশয় রয়েছে। নতুন দায়িত্বে প্রধান বিচারপতি রেগমির নিয়োগের বিরোধিতাও হচ্ছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা চুক্তির বিরুদ্ধে ধর্মঘট ডেকেছে মাওবাদীদের একটি অংশ।অন্তর্বর্তী নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে মন্ত্রীদের সমন্বয়ে গঠিত একটি পরিষদের চেয়ারম্যান হিসেবে প্রধান বিচারপতি অর্থ মন্ত্রণালয়সহ বিভিন্ন দপ্তর পরিচালনা করবেন। নির্বাচনের পর তিনি প্রধান বিচারপতির দায়িত্বে ফিরে যাবেন। ২০০৮ সালে রাজতন্ত্র বিলোপের মাধ্যমে দেশটিকে প্রজাতন্ত্র ঘোষণা করা হলেও সেখানে রাজনৈতিক স্থিতিশীলতা আসেনি। সর্বশেষ গণপরিষদের মেয়াদ কয়েক দফা বাড়ানো হলেও একটি নতুন সংবিধান প্রণয়নের ব্যাপারে মতৈক্য হয়নি। এএফপি।