আফগানিস্তানে তালেবান বিদ্রোহীদের সঙ্গে কারজাই সরকারের শান্তি আলোচনায় মধ্যস্থতাকারী আরসালান রাহমানি গতকাল রোববার কাবুলে দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন। আরসালান হত্যার পর প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের শান্তি আলোচনার উদ্যোগ ব্যাহত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। অতীতে তালেবান সরকারে গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন আরসালান।আরসালানের নাতি মোহাম্মদ ওয়ারিস বলেন, রাজধানী কাবুলের পশ্চিমাঞ্চলে কর্মক্ষেত্রে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি গাড়ি থেকে রাহমানিকে গুলি করা হয়। তাঁর হূৎপিণ্ডে গুলি লাগে। ঘটনাস্থল থেকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। পুলিশ কর্মকর্তা মোহাম্মদ জহির বলেন, আরসালানের নিহত হওয়ার ব্যাপারটি তাঁর গাড়িচালক তাৎক্ষণিক টের পাননি। নিরাপত্তাবাহিনীর জ্যেষ্ঠ একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, তালেবানের শীর্ষ নেতাদের সঙ্গে কিছুদিন ধরে আরসালানের যোগাযোগ চলছিল।আফগানিস্তানের বর্তমান প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের ঘনিষ্ঠ সহযোগী আরসালান ছিলেন হাই পিস কাউন্সিলের (এইচপিসি) একজন ‘গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী’। তালেবান বিদ্রোহীদের সঙ্গে শান্তি আলোচনার জন্য প্রেসিডেন্ট কারজাই এইচপিসি প্রতিষ্ঠা করেন। তাঁর মৃত্যু যুক্তরাষ্ট্র-সমর্থিত শান্তিপ্রচেষ্টার ওপর এক বছরের মধ্যে দ্বিতীয় গুরুত্বপূর্ণ আঘাত বলে ধারণা করা হচ্ছে। সাবেক প্রেসিডেন্ট ও এইচপিসির প্রধান বুরহানুদ্দিন রাব্বানি গত সেপ্টেম্বরে আত্মঘাতী বোমা হামলায় নিহত হন। এরপর তাঁর ছেলে সালাহউদ্দিন রাব্বানিকে এইচপিসির প্রধান পদে নিয়োগ দেওয়া হয়।সাবেক তালেবান সরকারের উচ্চশিক্ষামন্ত্রী ছিলেন আরসালান। তাঁর এ হত্যাকাণ্ডে আফগানিস্তানের বর্তমান সরকারের সঙ্গে সংশ্লিষ্ট সাবেক তালেবান নেতাদের উদ্বেগ বাড়বে। তালেবানের অভ্যন্তরীণ কর্মকাণ্ড ও নেতৃত্বের চিন্তাভাবনা জানার জন্য আরসালানের ওপর প্রেসিডেন্ট কারজাই অনেকটাই নির্ভর করতেন।আফগানিস্তানে হামিদ কারজাইয়ের সরকারকে উৎখাত করতে তালেবান সশস্ত্র লড়াই করছে। চলতি মাসের শুরুতে তারা এইচপিসির সদস্যদের ওপর হামলার হুমকি দেয়। তবে আরসালানকে হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেন তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহেদ।তালেবান জঙ্গিরা মার্কিন কর্মকর্তাদের সঙ্গে গত মার্চে কাতারে আয়োজিত শান্তি আলোচনা বন্ধ করে দেয়। আলোচনায় আস্থা অর্জনের জন্য তালেবানের বিভিন্ন দাবি পূরণ করা হয়নি বলে ওয়াশিংটনের বিরুদ্ধে অভিযোগ তোলে তালেবান। এএফপি ও বিবিসি।