বিহারে বিষাক্ত টিফিন খেয়ে মৃত্যুবরণ করা শিশুদের বিক্ষুব্ধ অভিভাবকেরা সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বাড়ি এবং ওই গ্রামে অবস্থিত দুটি সরকারি ভবন ভাঙচুর করেছেন। পূর্ব ভারতীয় রাজ্যটির কর্মকর্তারা গতকাল শুক্রবার এ কথা জানিয়েছেন। ক্ষুব্ধ অভিভাবকেরা বৃহস্পতিবার রাতে পলাতক প্রধান শিক্ষক মীনা কুমারীর বাড়ি লন্ডভন্ড করে ফেলেন। তাঁরা গ্রামের দুটি সরকারি ভবনও ভাঙচুরের চেষ্টা করেন। অভিভাবকেরা ধারণা করছিলেন, ওই দুটি ভবনেই শিশুদের জন্য বিভিন্ন খাদ্যপণ্যের মজুত রাখা হয়। সন্তান হারানো এক বাবা সুরেন্দ্র রায় বলেন, ‘আমাদের সন্তানদের বিষাক্ত খাবার গ্রহণে বাধ্য করলেন যিনি, পুলিশ সেই প্রধান শিক্ষককে গ্রেপ্তার করতে পারছে না কেন? তাঁকে হত্যা করা উচিত।’ দারিদ্র্যপীড়িত বিহার রাজ্যের সারণ জেলার একটি প্রাথমিক বিদ্যালয়ে গত মঙ্গলবার বিতরণ করা বিনা মূল্যের টিফিন খেয়ে ২৩ শিশুর মৃত্যু হয়। এখনো ৩০টি শিশু হাসপাতালে চিকিৎসাধীন। এর আগে খবরে বলা হয়েছে, ওই স্কুলে টিফিনে দেওয়া খাবার রান্না করতে প্রধান শিক্ষকের স্বামীর মালিকানাধীন দোকান থেকে উপাদান কেনা হয়েছিল। জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা সুজিত কুমার বলেন, তাঁরা প্রধান শিক্ষক মীনা কুমারীর বাসভবনে তল্লাশি চালিয়েছেন। শিশুরা বিষাক্ত খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ার পরপরই তিনি স্বামী ও দেবরকে নিয়ে পালিয়ে যান। সুজিত বলেন, ‘আমরা দেখেছি তাঁর বাসায় সার, আলু ও চালের বস্তার পাশে কীটনাশক রাখা আছে। তিনি একজন শিক্ষিত নারী। তার পরও বিষ ও খাদ্যপণ্য একসঙ্গে রাখলেন কী করে?’ অভিভাবকেরা বলেন, প্রধান শিক্ষক ওই দিন বিনা মূল্যের বই ও পোশাক বিতরণের জন্য গ্রামের সব ছেলেমেয়েকে ডেকেছিলেন। অজয় কুমার নামে সন্তান হারানো এক অভিভাবক বলেন, ‘বছরের সব বই একসঙ্গে পাওয়ার আশায় আমি আমার পাঁচ বছর বয়সী মেয়েকে বিদ্যালয়ে পাঠিয়েছিলাম। কিন্তু সে আর ফিরে এল না।’পুলিশ বলছে, খাদ্য উপকরণে রান্নার তেলের মধ্যে বিষাক্ত পদার্থ ছিল কি না, তা খুঁজে বের করার চেষ্টা চলছে। আর এই বিষাক্ত পদার্থ খাদ্য বা খাদ্যপণ্যে আগে থেকেই ছিল, নাকি এটি নিছকই দুর্ঘটনা তা-ও তদন্ত করা হচ্ছে। প্রাথমিক তদন্তে ওই দিন শিশুদের মধ্যে বিতরণ করা খাবারে কীটনাশকের উপস্থিতির প্রমাণ পাওয়া গেছে। এএফপি।