প্রধানমন্ত্রিত্বের দৌড়ে নেই আদভানি
বিজেপির প্রবীণ নেতা লালকৃষ্ণ আদভানি বলেছেন, দল আমাকে অনেক দিয়েছে। আর কিছু চাওয়ার নেই। প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছেও আর নেই। গত বৃহস্পতিবার আদভানি ৮৫ বছর বয়সে পা রাখেন। এ দিন জন্মদিন উপলক্ষে তাঁর নয়াদিল্লির বাসভবনে দলীয় নেতা-কর্মীরা শুভেচ্ছা জানাতে জড়ো হন। আসেন বিজেপির বর্তমান সভাপতি নিতিন গড়কড়ি। এ সময় আদভানি তাঁদের উদ্দেশে এসব কথা বলেন।২০০৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপির নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক মোর্চা বা এনডিএ নির্বাচনী প্রচারে প্রধানমন্ত্রী হিসেবে তুলে ধরেছিল আদভানিকে। কিন্তু নির্বাচনে জয়ী হতে পারেনি এনডিএ। ২০১৪ সালে পরবর্তী লোকসভা নির্বাচন হবে। তবে এবার এনডিএর প্রধানমন্ত্রী পদে উঠে এসেছে আরও অনেকের নাম। গত নির্বাচনে গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদি আদভানির পাশে দাঁড়ালেও এবার তাঁরই নাম উঠে এসেছে বিজেপির সম্ভাব্য প্রধানমন্ত্রী প্রার্থীর তালিকায়। বিজেপি পরবর্তী নির্বাচনে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে আদভানির নাম নাও তুলতে পারে। এটা ভেবেই আদভানি আগাম জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রিত্বের দৌড়ে তিনি আর নেই।