প্রধানমন্ত্রী ক্যামেরনকে দলের নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ার দাবি
যুক্তরাজ্যের স্থানীয় নির্বাচনে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির (রক্ষণশীল দল) ভরাডুবির পর আগামী পার্লামেন্ট নির্বাচনের আগে প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনকে দলের নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ার দাবি উঠেছে।কনজারভেটিভ পার্টির পার্লামেন্ট সদস্য নাডাইন ডুরাইস বলেন, ২০১৫ সালে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনে দলের পরাজয় ঠেকাতে ক্যামেরনকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া প্রয়োজন।গতকাল রোববার যুক্তরাজ্যের মেইল অন সানডে পত্রিকায় লেখা এক কলামে তিনি এই মন্তব্য করেন। কনজারভেটিভ পার্টির পার্লামেন্ট সদস্য হলেও তিনি দলের বিভিন্ন নীতি নিয়ে খোলাখুলিভাবেই মত প্রকাশ করেন। স্বাধীনচেতা মনোভাবের জন্য দলের ভেতরে তাঁর পরিচিতি ‘ম্যাড নাড’ নামে।নাডাইন ডুরাইস বলেন, হাউস অব কমন্সের ৩০৫ জন কনজারভেটিভ দলীয় এমপির মধ্যে মাত্র ৪৬ জন সমর্থন দিলেই নেতৃত্ব পরিবর্তনের বিষয়টি নিয়ে আলোচনার পরিবেশ সৃষ্টি করা সম্ভব।নাডাইন বলেন, নেতৃত্ব পরিবর্তনের জন্য দলের ভেতরে এমপিদের উদ্বুদ্ধ করার কাজ শুরু হয়েছে। ইতিমধ্যে কয়েকজন এমপির স্বাক্ষর সংগ্রহ করা হয়েছে। আগামী বড়দিনের আগেই ৪৬ জন এমপির স্বাক্ষর সংগ্রহের কাজ শেষ হবে। এর পর প্রধানমন্ত্রী ক্যামেরনের নেতৃত্বকে সরাসরি চ্যালেঞ্জ জানানো হবে।এর আগে গত মাসেও নাডাইন ডুরাইস প্রধানমন্ত্রী ক্যামেরন ও অর্থমন্ত্রী জর্জ ওসবর্নের নেওয়া বিভিন্ন নীতির কঠোর সমালোচনা করেছেন। রয়টার্স।