প্রধানমন্ত্রী ট্রুডোর মোজা সমাচার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অটোয়ায় ১৪ জুন এক অনুষ্ঠানে নিজের মোজা দেখাচ্ছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও লিবারেল পার্টির এমপি র‍্যান্ডি বৈসোনল্ট l ছবি: রয়টার্স
অটোয়ায় ১৪ জুন এক অনুষ্ঠানে নিজের মোজা দেখাচ্ছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও লিবারেল পার্টির এমপি র‍্যান্ডি বৈসোনল্ট l ছবি: রয়টার্স

পায়ের মোজা দিয়ে সামাজিক রাজনৈতিক বার্তা দিচ্ছেন কানাডার জনপ্রিয় প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। রাষ্ট্রনেতারা বা তাঁদের জীবনসঙ্গীরা আগে ফ্যাশন কূটনীতি করে আলোচিত হয়েছেন। যদিও দুই পায়ে দুই রঙের মোজা পরে আলোচনায় এসেছেন প্রধানমন্ত্রী ট্রুডো।
২৫ জুন টরন্টোতে সমকামীদের প্যারেডে রংধনু রঙের মোজা পরে উপস্থিত ছিলেন কানাডার প্রধানমন্ত্রী। উত্তর আমেরিকার বড় বড় নগরীতে ২৫ জুন সমকামীদের বিশাল বিশাল শোভাযাত্রা হয়েছে। মানবাধিকার আর নাগরিক অধিকারের পক্ষের লোকজন ব্যাপকভাবে এসব শোভাযাত্রায় উপস্থিত ছিলেন।
নিউইয়র্ক টাইমস তাদের এ-সংক্রান্ত প্রতিবেদনে বলেছে, কানাডার প্রধানমন্ত্রী এক ঢিলে একাধিক বিষয় সামাল দিয়েছেন। দুই পায়ের দুই মোজায় রংধনুর রং দিয়ে একাত্মতা ঘোষণা করেছেন সমকামীদের অধিকারের প্রতি। শুধু তাই নয়, শোভাযাত্রায় উপস্থিত প্রধানমন্ত্রী ট্রুডো পরেছিলেন স্থানীয়ভাবে উৎপাদিত মোজা। টরন্টোভিত্তিক একটি কোম্পানির তৈরি এ মোজার নাম ‘হালাল মোজা’ এবং খুচরা মূল্য ১৪.৯৯ কানাডীয় ডলার। এতে স্থানীয় উৎপাদনের প্রতিও তাঁর সমর্থন ঘোষণা করেছেন।
অনুষ্ঠানের ভাবধারার সঙ্গে মিলিয়ে টাই পরা বা নারী নেত্রীদের স্কার্ফ পরার প্রচলন ছিল আগে থেকেই। রঙের বার্তা দিয়ে মোজা পরার বিষয়টি জনপ্রিয় করছেন প্রধানমন্ত্রী ট্রুডো। এর আগেও তিনি শোভাযাত্রা ও টিভি শোতে এমন রঙের ধারণা নিয়ে বিচিত্র সব মোজা পরে উপস্থিত হয়েছেন। এমনকি সম্প্রতি ন্যাটো সম্মেলনে দুই পায়ে দুই রঙের মোজা পরে উপস্থিত ছিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। সচরাচর সাধারণ রঙের মোজা এখন আর পরেনই না কানাডার প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে রাষ্ট্রাচারে মানানসই রঙের নীরব বার্তা পৌঁছে দেওয়ার জন্য দুই পায়ে দুই রঙের মোজাই পরছেন। জাস্টিন ট্রুডোর এ মোজা কূটনীতি কতটা জনপ্রিয় হয়, তা এখন দেখার বিষয়।