পাকিস্তানে তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী নিয়োগে গতকাল মঙ্গলবার আট সদস্যের সংসদীয় কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি তিন দিনের মধ্যে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে একজনের নাম চূড়ান্ত করবে। আট সদস্যের সংসদীয় কমিটিতে আছেন সরদার মাহতাব আব্বাসী, সরদার ইয়াকুব নাসির, পারভেজ রাশেদ, সাদ রফিক, চৌধুরী সুজাত, ফারুক নায়েক, খুরশিদ শাহ ও গোলাম বিলৌর। পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) ও পাকিস্তান মুসলিম লিগ (পিএমএল-এন) নিজ নিজ জোটের সঙ্গে আলোচনা করে সংসদীয় কমিটির জন্য চারজন করে মোট আটজনের নাম চূড়ান্ত করে।পাকিস্তানের সংবিধান অনুযায়ী, এই সংসদীয় কমিটি তিন দিনের মধ্যে ঐকমত্যের ভিত্তিতে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী পদের জন্য একজনের নাম চূড়ান্ত করবে। নির্ধারিত সময়ের মধ্যে নাম দিতে ব্যর্থ হলে বিষয়টি স্বয়ংক্রিয়ভাবে নির্বাচন কমিশনের অধীনে চলে যাবে। নির্বাচন কমিশন পিপিপি ও পিএমএল-এনের কাছ থেকে নেওয়া চারজনের নাম থেকে যেকোনো একজনকে ওই পদে নিয়োগের জন্য চূড়ান্ত করবে।পাকিস্তানে পিপিপি নেতৃত্বাধীন জোট সরকারের মেয়াদ গত শনিবার শেষ হয়। দেশটির ৬৫ বছরের ইতিহাসে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার এবারই প্রথম মেয়াদ পূরণ করতে পেরেছে।নির্বাচন বর্জনের ঘোষণা তাহির উল-কাদরির: কানাডাপ্রবাসী পাকিস্তানি আধ্যাত্মিক নেতা ও রাজনীতিবিদ তাহির উল-কাদরি আসন্ন পার্লামেন্ট নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন। গত জানুয়ারিতে ইসলামাবাদে দুর্নীতিবিরোধী বিশাল সমাবেশ করে দেশটির রাজনীতিতে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিলেন কাদরি। কাদরি গত সোমবার বলেন, ‘আসন্ন নির্বাচন হবে টাকা, শক্তি এবং যেকোনো পরিস্থিতিতে ফল নিজের পক্ষে নেওয়ার নির্বাচন। তাই আমি এই নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিয়েছি।’ ডন ও এএফপি।