প্রধানমন্ত্রী পদে দুই 'কুমারের' লড়াই
ভারতের আসন্ন লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী পদে প্রধান দুই জোটের হয়ে যাঁরা লড়ছেন, তাঁরা দুজনই অবিবাহিত। একদিকে রয়েছেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতৃত্বাধীন এনডিএর নরেন্দ্র মোদি (৬৩)। অন্যদিকে রয়েছেন কংগ্রেসের নেতৃত্বাধীন সংযুক্ত প্রগতিশীল মোর্চার (ইউপিএ) রাহুল গান্ধী।
জীবনীলেখক নিলাঞ্জন মুখোপাধ্যায়ের মতে, সাদা শ্মশ্রুধারী মোদি এ যুগের ‘সন্ন্যাসী’, যাঁর মধ্যে রয়েছে সৃষ্টিশীল কাজের প্রতি অনন্ত তাগিদ। আর ভারতের উপযুক্ত অবিবাহিতদের তালিকায় সবার ওপরে নাম থাকা রাহুল গান্ধী—নেহরু পরিবারের সন্তান। পারিবারিক ঐতিহ্য অনুসারে কংগ্রেসের নেতৃত্ব নিতে অনাগ্রহের কারণে তিনি ‘বিমুখ যুবরাজ’ হিসেবে পরিচিত।
হিন্দুত্ববাদী নেতা মোদি অবশ্য ছোটবেলায় একবার বিয়ের পিঁড়িতে বসেছিলেন। পরে ওই বিয়ে থেকে সরে আসেন তিনি। ওই সম্পর্ক নিয়ে কোনো দিন মুখ খোলেননি মোদি। তবে সেই নারী সম্প্রতি বলেন, কোনো দিনই মোদির স্ত্রী হিসেবে স্বীকৃতি না পাওয়ায় তিনি ‘কষ্ট’ অনুভব করেন না। ৬৩ বছর বয়সী ওই নারী একসময় শিক্ষকতা করতেন।
কঠোর নিরামিষভোজী মোদি বলে থাকেন, তিনি ‘প্রকৃতপক্ষে একাকিত্বকে উপভোগ করেন’। দৃশ্যত অবিবাহিত এই অবস্থার মধ্যে কিছু গুণও দেখতে পান তিনি। মোদির মতে, ভারতে দুর্নীতির যে লাগামছাড়া অবস্থা, তা দূর করতে এটা কাজে দেবে।
সম্প্রতি এক নির্বাচনী জনসভায় তিনি বলেন, ‘আমার কোনো পারিবারিক সম্পর্ক নেই। তাহলে দুর্নীতি করে আমি কাকে সুবিধা দেওয়ার চেষ্টা করব?’
অবশ্য নির্বাচিত হলে মোদিই ভারতের প্রথম অবিবাহিত প্রধানমন্ত্রী হবেন, এমনটি নয়। এর আগে ১৯৯৮ থেকে ২০০৪ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকা বিজেপি নেতা অটল বিহারি বাজপেয়িও ছিলেন চিরকুমার।
মোদি ও রাহুল ব্যক্তিগত জীবন নিয়ে কঠোর গোপনীয়তা রক্ষা করে থাকেন। তাই জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলের এক প্রতিবেদন মতে, তাঁদের নিয়ে ইন্টারনেটে যেসব প্রশ্নের উত্তর সবচেয়ে বেশি খোঁজা হয়, তার মধ্যে অন্যতম হচ্ছে, ‘মোদির স্ত্রী কে?’ এবং ‘রাহুলের মেয়েবন্ধু কে?’
রাহুল গত বছর ঘোষণা দেন, তিনি বিয়ে করতে চান না। কারণ হিসেবে রাহুল বলেন, তাঁর আশঙ্কা, বিয়ে করলে নিজের সন্তানদেরও রাজনীতিতে আনার বাসনা জাগতে পারে। এতে ভারতের রাজনীতিতে তাঁর পরিবারের প্রভাব চিরস্থায়ী হতে পারে।
অবশ্য রাহুল সম্প্রতি এক বিবৃতি দেন, যাতে ভারতের উচ্চাভিলাষী মায়েদের মনে আবার আশার সঞ্চার হয়। গত মাসে তিনি বলেন, ‘সঠিক পাত্রী’ খুঁজে পেলে তিনি বিয়ে করতে পারেন। অতীতে রাহুলের বিদেশে মেয়েবন্ধু থাকার খবরও প্রকাশিত হয়েছে। এএফপি।