প্রধানমন্ত্রী পদে প্রার্থী হতে বিজেপি নেতাদের লড়াই
ভারতের ক্ষমতাসীন কংগ্রেস দলের বর্তমান অবস্থা যে বিরোধী দলগুলোকে সুযোগ নেওয়ার ব্যাপারে উৎসাহিত করবে, তা স্পষ্ট। কিন্তু এ ব্যাপারে প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) যত উৎসাহী, এর চেয়ে দলের নেতাদের মধ্যে তোড়জোড় বেশি দেখা যাচ্ছে। ক্ষমতাসীন কংগ্রেসের বিরুদ্ধে বিজেপি দৃঢ়তার সঙ্গে লড়বে বলে ধারণা করা হচ্ছে। এ ক্ষেত্রে বিজেপির শীর্ষ স্থানীয় দুই নেতা এল কে আদভানি এবং নরেন্দ্র মোদি বেশি উৎসাহ দেখাচ্ছেন। তাঁরা এর মধ্যে প্রধানমন্ত্রী প্রার্থী হতে নিজেদের আকাঙ্খার ব্যাপারে আভাস দিয়েছেন।আদভানি ও মোদি বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছেন। আদভানি নিয়েছেন রথযাত্রা কর্মসূচি। ১৯৯০ সালের পর ষষ্ঠবারের মতো রথযাত্রার আয়োজন করতে যাচ্ছেন তিনি। তিনি আশা করছেন, প্রথমবারের মতো এ রথযাত্রাও জনসমাগমের দিক থেকে সফল হবে।অন্যদিকে ভিন্ন কৌশল নিয়েছেন নরেন্দ্র মোদি। শান্তি, ঐক্য ও সামাজিক সম্প্রীতির জন্য তিন দিন ‘সদ্ভাবনা’ উপবাস করেন তিনি। এর আগে নরেন্দ্র মোদি গুরুত্বারোপ করছিলেন উন্নয়নের ওপর। কিন্তু সম্প্রতি তিনি মুসলমানদের জন্য শিক্ষার সুযোগ বাড়ানোর প্রয়োজনীয়তার কথা বলেছেন। সম্প্রতি মোদি তাঁর ব্লগে লেখেন, কারও ‘অনুভূতিতে আঘাত’ দিয়ে থাকলে তিনি ‘ক্ষমাপ্রার্থী’। তাঁর এই পদক্ষেপ লক্ষণীয়। এর মধ্যে গুজরাট থেকে জাতীয় পর্যায়ে যাওয়ার ব্যাপারে তাঁর ইচ্ছার আভাস রয়েছে।প্রধানমন্ত্রী পদে প্রার্থিতার ব্যাপারে দুই নেতার আগ্রহ বিজেপির জন্য সমস্যা সৃষ্টি করতে পারে। আদভানির এই ইচ্ছা নিয়ে স্বস্তিতে নেই বিজেপি। ২০০৯ সালের নির্বাচনে বিজেপির পরাজয়ের পর লোকসভায় বিরোধী দলের নেতা হিসেবে দায়িত্ব পালন করতে চেয়েছিলেন আদভানি। কিন্তু পার্লামেন্টারি দলের নেতা করে তাঁকে পাশে ঠেলে দেওয়ার চেষ্টা করে বিজেপি। তাঁর জন্যই পার্লামেন্টারি দলের নেতার পদটি সৃষ্টি করা হয়েছিল।ওই সময় সুষমা স্বরাজ ও অরুণ জেটলিকে যথাক্রমে লোকসভা ও রাজ্যসভায় বিরোধী দলের নেতা হিসেবে বেছে নেয় বিজেপি। বিজেপি পরবর্তী প্রজন্মের নেতাদের সামনে নিয়ে আসতে চায়—ওই পদক্ষেপ ছিল এরই লক্ষণ। কিন্তু আবারও সামনে আসার চেষ্টায় আদভানির হঠাৎ সিদ্ধান্ত বিজেপি ও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে (আরএসএস) কঠিন অবস্থার মধ্যে ঠেলে দেবে।