প্রধানমন্ত্রী পদে রাহুল আদর্শ পছন্দ: মনমোহন

ভারতের ক্ষমতাসীন দল কংগ্রেসে রাহুল গান্ধীর নেতৃত্বকে সমর্থন করেছেন দেশটির প্রধানমন্ত্রী মনমোহন সিং। মনমোহন বলেছেন, নেহরু-গান্ধী পরিবারের এই উত্তরাধিকারীর অধীনে কাজ করতে পারলে তিনি ‘খুশি’ হবেন।
প্রধানমন্ত্রী পদের জন্য রাহুল গান্ধীই ‘আদর্শ পছন্দ’ হবেন বলেও মন্তব্য করেছেন মনমোহন সিং। গণমাধ্যমের খবরে গতকাল রোববার এ কথা বলা হয়েছে।
এ মাসেই ৮১ বছরে পা দিতে যাওয়া মনমোহন জি-২০ সম্মেলনে যোগ দিতে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ গিয়েছিলেন। শনিবার রাতে তিনি সেখান থেকে দেশের উদ্দেশে রওয়ানা হওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
মনমোহনকে উদ্ধৃত করে হিন্দুস্তান টাইমস-এর খবরে বলা হয়, ‘রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেসের জন্য কাজ করতে পারলে আমি খুশি হব।’ তিনি আরও বলেন, ‘২০১৪ সালের নির্বাচনের পর প্রধানমন্ত্রী পদের জন্য আদর্শ পছন্দ হবেন’ ৪৩ বছর বয়সী রাহুল গান্ধীই।
ভারতের কংগ্রেস-নেতৃত্বাধীন জোট সরকারের প্রধানমন্ত্রী হিসেবে মনমোহন সিংয়ের উত্তরসূরি হিসেবে রাহুলকে দীর্ঘদিন ধরেই প্রস্তুত করছেন তাঁর মা সোনিয়া গান্ধী। তবে বেশ কয়েকবার মন্ত্রী হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন রাহুল। এতে করে তাঁর দেশের নেতৃত্বে আসার বিষয়টি প্রশ্নের মুখে পড়েছে। এএফপি ও টাইমস অব ইন্ডিয়া।