প্রধানমন্ত্রী পুতিনের দলই বিজয়ী তবে আসন কমেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ দুমার নির্বাচনে বিজয়ী হয়েছে প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিনের ক্ষমতাসীন দল ইউনাইটেড রাশিয়া। তবে তারা গতবারের নির্বাচনের তুলনায় কম আসনে জিতেছে। গত রোববার এ নির্বাচনে ভোটগ্রহণ করা হয়।আগামী মার্চে প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হয়ে আবার ক্রেমলিনের ক্ষমতায় ফিরে আসার চেষ্টা করছেন পুতিন। কিন্তু তার আগে দুমার নির্বাচনে দলের জনপ্রিয়তা হ্রাস তাঁর জন্য উদ্বেগের বিষয় হয়ে দেখা দিয়েছে।প্রধান নির্বাচন কমিশনার ভ্লাদিমির চুরভ গতকাল সোমবার জানান, ৯৫ শতাংশ নির্বাচন কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে ৪৫০ আসনের দুমায় ইউনাইটেড রাশিয়া পেয়েছে ২৩৮ আসন। দলটি ৪৯ দশমিক ৫৪ শতাংশ ভোট পেয়েছে।২০০৭ সালে দুমার নির্বাচনে ইউনাইডে রাশিয়া পেয়েছিল ৩১৫ আসন। আর তারা ভোট পেয়েছিল ৬৪ দশমিক ৩ শতাংশ। অর্থাৎ পুতিনের দল এবার দুমায় সামান্য ব্যবধানে সংখ্যাগরিষ্ঠতা পেল। কিন্তু সাংবিধানিক সংখ্যাগরিষ্ঠতা তাদের থাকল না। এ জন্য এক-তৃতীয়াংশ আসন প্রয়োজন ছিল। কেননা, সংবিধানে কোনো পরিবর্তন আনতে হলে এক-তৃতীয়াংশ সদস্যের সমর্থন লাগে।নির্বাচনে ইউনাইটেড রাশিয়ার প্রধান প্রতিদ্বন্দ্বী কমিউনিস্ট পার্টি পেয়েছে ৯২ আসন। এ জাস্ট রাশিয়া পেয়েছে ৬৪ আসন এবং জাতীয়তাবাদী দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি পেয়েছে ৫৬ আসন। কোমারসান্ট পত্রিকা গতকাল লিখেছে, ‘ক্ষমতাসীন দলকে এখন অংশীদার খুঁজতে হবে।’ নির্বাচনের ফলাফল পাওয়ার পর দলের প্রচারণা সদর দপ্তরে উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশে ভ্লাদিমির পুতিন বলেন, ‘এই ফলাফল দিয়েই আমরা দেশের জন্য উন্নয়ন নিশ্চিত করতে পারব।’ এ সময় পুতিনের পাশে ছিলেন প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ।মেদভেদেভ স্বীকার করেন, দলকে এখন ক্ষমতা ভাগাভাগি করতে হবে এবং অন্যদের সঙ্গে জোট বাঁধতে হবে। তিনি বলেন, নির্বাচনের ফলাফল থেকেই প্রমাণিত হয়েছে রাশিয়ায় গণতন্ত্র কার্যকর আছে। তবে নির্বাচনে কারচুপি বা অনিয়মের অভিযোগ অস্বীকার করেন তিনি। এএফপি।