প্রধানমন্ত্রী যিনিই হোন কাজ করবে যুক্তরাষ্ট্র
ভারতের নতুন প্রধানমন্ত্রী যিনিই হোন না কেন, যুক্তরাষ্ট্র তাঁর সঙ্গে কাজ করবে৷ মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যারি হার্ফ গত শুক্রবার বিদেিশ গণমাধ্যমে এমন কথা বলেন৷
ম্যারি হার্ফ নিয়মিত ব্রিফিংয়ে বিদেিশ সংবাদমাধ্যমকে বলেন, ‘আমি আপনাদের নিশ্চয়তা দিতে পারি, ভারতের পরবর্তী প্রধান যিনি হবেন, আমরা তাঁর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করব৷’
ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী নির্বাচিত হলে তাঁকে যুক্তরাষ্ট্রে আমন্ত্রণ জানানো হবে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ম্যারি হার্ফ বলেন, ‘আমি নিশ্চিত তাঁর সঙ্গে এখানে বৈঠক হবে৷ আমরা এখন নির্বাচনের ফল দেখার অপেক্ষায় আছি৷’ তবে মোদির ভিসা কীভাবে দেওয়া হবে, সে বিষয়ে যুক্তরাষ্ট্রের পরিকল্পনার কথা তিনি জানাননি৷
২০০২ সালে গুজরাট দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে বা সেই দাঙ্গা বন্ধে কোনো ব্যবস্থা না নেওয়ার অভিযোগ এনে যুক্তরাষ্ট্র ২০০৫ সালে মোদির ভিসা বাতিল করে৷ দীর্ঘদিন পর চলতি বছরের ফেব্রুয়ারিতে রাষ্ট্রদূত ন্যান্সি পাওয়েল নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করে মার্কিন নীতিতে বড় পরিবর্তন আনা হয়েছে বলে জানান৷
ম্যারি হার্ফ বলেন, ‘ভারত-যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ১০ হাজার কোটি ডলারে পেঁৗছেছে৷ এই অঙ্ক আরও বাড়ানোর সুযোগ রয়েছে৷ আর এটি কেবল ভারতকে নয়, যুক্তরাষ্ট্রের নাগরিক, যুক্তরাষ্ট্রের বাণিজ্য ও কর্মীদের কাজে লাগছে৷ আর এই প্রেক্ষাপটে আমরা একত্রে কাজ করা অব্যাহত রাখতে চাই৷’ আইএএনএস৷