প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা নেই মিলিব্যান্ডের!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লেবার পার্টির নেতা এড মিলিব্যান্ড প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য নন—স্কটিশ ন্যাশনালিস্ট পার্টির (এসএনপি) নেতা নিকোলা স্টার্জিয়নের কথিত এমন মন্তব্যে যুক্তরাজ্যের নির্বাচনী প্রচারণায় নতুন উত্তাপ ছড়িয়েছে। সরকারি একটি দলিলের বরাত দিয়ে ডেইলি টেলিগ্রাফ পত্রিকায় গত রোববার প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়, গত ২৬ ফেব্রুয়ারি যুক্তরাজ্যে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত সিলভি বার্মেনের সঙ্গে একান্ত বৈঠকে নিকোলা ওই মন্তব্য¯করেছিলেন।
তবে নিকোলা স্টার্জিয়ন ওই সংবাদকে শতভাগ অসত্য বলে দাবি করেছেন। এরপর পাল্টা প্রশ্ন ছুড়ে বলেছেন, নির্বাচনী প্রচারণার এই সময়ে একটি টোরি (কনজারভেটিভ পার্টি) সমর্থিত পত্রিকায় সরকারি ওই দলিল কীভাবে গেল, সেটাই উদ্ঘাটন জরুরি। তিনি বিষয়টিকে এসএনপির সঙ্গে লেবার পার্টির সম্ভাব্য জোট ঠেকানোর ‘নোংরা খেলা’ বলে অভিহিত করেন।
স্কটিশ ফার্স্ট মিনিস্টারের বৈঠকের বিষয়ে ওয়েস্টমিনস্টার সরকারের তথ্য সংরক্ষণ নিয়েও প্রশ্ন তোলেন নিকোলা। ফ্রান্সের রাষ্ট্রদূতও ওই ধরনের কোনো মন্তব্যের কথা অস্বীকার করেছেন।