প্রধানমন্ত্রী হচ্ছেন তেরেসা মে

তেরেসা মে-ই হচ্ছেন যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী। ডেভিড ক্যামেরনের উত্তরসূরি হওয়ার দৌড় থেকে সর্বশেষ প্রতিদ্বন্দ্বী অ্যান্ড্রিয়া লিডসন সরে দাঁড়ানোর ফলে তেরেসা মে প্রধানমন্ত্রী হওয়ার বিষয়টি এখন নিশ্চিত। ফলে যুক্তরাজ্যের ইতিহাসে দ্বিতীয় কোনো নারী প্রধানমন্ত্রী হওয়ার গৌরব অর্জন করতে চলেছেন।
ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির নেতা নির্বাচনের দায়িত্বে থাকা কমিটির প্রধান গ্রাহাম ব্রাডি বলেছেন, শিগগিরই তিনি আনুষ্ঠানিকভাবে তেরেসা মে-কে দলীয় প্রধান হিসেবে ঘোষণা করবেন। এর ফলে প্রধানমন্ত্রী পদেও আসীন হবেন তেরেসা।
গত ২৩ জুন অনুষ্ঠিত গণভোটে ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বিচ্ছেদের পক্ষে রায় যাওয়ার পর পদত্যাগের ঘোষণা দেন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। সেপ্টেম্বরে তাঁর বিদায় নেওয়ার কথা ছিল। কিন্তু নতুন নেতা নির্বাচন দ্রুত সম্পন্ন হওয়ায় ক্যামেরন আরও আগে বিদায় নিতে পারেন বলে মনে করা হচ্ছে।
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে যুক্তরাজ্যের বের হয়ে যাওয়ার পক্ষে প্রচার চালানো অ্যান্ড্রিয়া লিডসন আজ সোমবার প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। তিনি বলেন, তেরেসা মে দলের ৬০ শতাংশ এমপির সমর্থন পেয়েছেন। আর তাঁর নিজের রয়েছে মাত্র ২৫ শতাংশ এমপির সমর্থন। তাই দলীয় ঐক্য প্রতিষ্ঠা ও ইইউ ছেড়ে আসার প্রক্রিয়া সম্পন্ন করতে তেরেসা মে-ই অপেক্ষাকৃত ভালো অবস্থানে রয়েছেন। তেরেসা অবশ্য ইইউতে থাকার পক্ষে প্রচার চালিয়েছেন।
গত রোববার দ্য টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রতিদ্বন্দ্বী তেরেসা মে সম্পর্কে করা এক মন্তব্য নিয়ে প্রচণ্ড চাপে পড়েন অ্যান্ড্রিয়া লিডসন। ওই সাক্ষাৎকারে অ্যান্ড্রিয়া বলেন, সন্তানের মা হওয়ার কারণে দেশের ভবিষ্যতের প্রতি তাঁর আন্তরিকতা অন্য রকম। সন্তানের মা হওয়ার কারণে তিনি তেরেসার চেয়ে ভালো প্রধানমন্ত্রী হতে পারবেন। অ্যান্ড্রিয়ার এমন মন্তব্যে সমালোচনার তুমুল ঝড় ওঠে। বলা হয়, তেরেসার সন্তান না থাকার বিষয়টিকে পুঁজি করে ফায়দা লুটতে চাইছেন অ্যান্ড্রিয়া। দল থেকেই দাবি ওঠে দ্রুত তেরেসার কাছে ক্ষমা চাওয়ার। অ্যান্ড্রিয়া তাঁর মন্তব্যের পক্ষে ব্যাখ্যা দিয়ে বললেন, তিনি ওই রকম কিছু বোঝাতে চাননি। তবে ওই আপত্তিকর মন্তব্যের জের ধরে নিজ সমর্থকদের সমালোচনার চাপে অ্যান্ড্রিয়া সরে দাঁড়িয়েছেন বলে মনে করা হচ্ছে।
অ্যান্ড্রিয়ার সরে দাঁড়ানোর ফলে ইইউ বিরোধী প্রচার চালানো নেতাদের আর কেউ অবশিষ্ট রইলেন না। ইইউ বিরোধী অন্যতম নেতা কনজারভেটিভ পার্টির বরিস জনসন শুরুতেই নাটকীয়ভাবে সটকে পড়েন। আরেক নেতা বিচারবিষয়ক মন্ত্রী মাইকেল গোভ এমপিদের ভোটাভুটিতে বাদ পড়েন। আর আজীবন ইইউ বিরোধী ইউকে ইন্ডিপেনডেন্ট পার্টির (ইউকিপ) নেতা নাইজেল ফারাজ বিদায় নিয়েছেন নেতৃত্ব থেকে ইস্তফা দিয়ে।
তাই প্রশ্ন উঠেছে, ইইউ ত্যাগ করলে যুক্তরাজ্য লাভবান হবে বলে যেসব ওয়াদা করা হয়েছিল, তা সত্য প্রমাণিত না হলে কে জবাবদিহি করবেন?
এদিকে বিরোধী দল লেবার পার্টিতে নেতৃত্ব নিয়ে দ্বন্দ্ব চূড়ান্ত পথে যাত্রা করেছে। সম্প্রতি ছায়া মন্ত্রিসভার পদ থেকে সরে দাঁড়ানো অ্যাঞ্জেলা ইগল দলের ২০ শতাংশ এমপির সমর্থন নিয়ে দলনেতা জেরেমি করবিনের নেতৃত্বকে চ্যালেঞ্জ করেছেন। এর ফলে নতুন নেতা নির্বাচনের জন্য লেবার পার্টিকে পুনরায় প্রক্রিয়া শুরু করতে হবে।
জেরেমি করবিন ঘোষণা দিয়েছেন, তিনি পুনরায় নেতৃত্ব নির্বাচনে প্রার্থী হবেন। তৃণমূলে করবিনের যে বিপুল সমর্থন, তাতে তিনি পুনরায় নেতা নির্বাচিত হবেন বলে মনে করা হচ্ছে। যে কারণে করবিনের পুনরায় প্রার্থী হওয়া ঠেকাতে ছক কষছেন বিদ্রোহীরা। করবিন হুঁশিয়ারি দিয়ে বলেছেন, প্রার্থী হতে না দিলে প্রয়োজনে তিনি আইনি ব্যবস্থা নেবেন।