প্রধানমন্ত্রী হিসেবে পছন্দের তালিকায় শীর্ষে রাহুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে পছন্দের তালিকায় শীর্ষে উঠে এসেছে রাহুল গান্ধীর নাম। ভারতের শীর্ষস্থানীয় সাপ্তাহিক সাময়িকী ইন্ডিয়া টুডের এক জনমত জরিপের ফলাফলে এ কথা জানা গেছে। ২০১৪ সালে ভারতে পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচন হবে।জরিপের ফলাফল অনুযায়ী, দেশের প্রধানমন্ত্রী হিসেবে পছন্দের তালিকায় এখন শীর্ষে রয়েছেন রাহুল গান্ধী। তাঁর জনপ্রিয়তার তুলনায় পিছিয়ে আছেন মা সোনিয়া গান্ধীও। সমীক্ষায় বলা হয়েছে, দেশের ২৯ শতাংশ মানুষ রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান। সাবেক প্রধানমন্ত্রী ও বিজেপির নেতা অটল বিহারি বাজপেয়ি রাজনীতিতে সক্রিয় না থাকলেও পছন্দের তালিকায় তিনি দ্বিতীয় স্থানে রয়েছেন। তাঁর পক্ষে সমর্থন রয়েছে ১৬ শতাংশ। তৃতীয় স্থানে রয়েছেন সোনিয়া গান্ধী। তাঁকে সমর্থন করেন জরিপে অংশ নেওয়া ১৩ শতাংশ লোক। বর্তমান প্রধানমন্ত্রী মনমোহন সিং চলে এসেছেন ১৩তম স্থানে।এর আগে পরিচালিত জনমত জরিপের তুলনায় রাহুলের জনপ্রিয়তা বেশ বেড়েছে। এর মূলে রয়েছে মনমোহন সিং ও সোনিয়া গান্ধীর অনেক সমর্থকের সমর্থন পাওয়া। সমীক্ষায় আরও বলা হয়েছে, ২০০৯ সালের সর্বশেষ লোকসভা নির্বাচনের তুলনায় এখন ইউপিএ জোট সরকারের জনপ্রিয়তা কমেছে শূন্য দশমিক ৮ শতাংশ।