ভারতের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে জনগণের পছন্দের তালিকার শীর্ষে রয়েছেন রাহুল গান্ধী। এক জনমত সমীক্ষায় দেখা গেছে, ৪২ শতাংশ ভারতীয় চান, রাহুল গান্ধী পরবর্তী সময়ে ভারতের নেতৃত্ব দিন।টেলিভিশন নেটওয়ার্ক সিএনএন-আইবিএন এবং সিএনবিসি-টিভি-১৮ সমীক্ষাটি চালায়। গতকাল সোমবার জরিপের ফল প্রকাশ করা হয়। দুর্নীতির কেলেঙ্কারির বিষয়টি প্রতিহত করতে ব্যর্থ হওয়ায় প্রায় ৩৪ শতাংশ জনগণ মনে করেন, মনমোহন সিংয়ের পরিবর্তে রাহুল গান্ধীকে দ্রুত প্রধানমন্ত্রী করা উচিত।৩৯ হাজার জনগণের ওপর এ সমীক্ষা চালানো হয়। এর মাত্র ২২ শতাংশ মনে করেন, ভারতের প্রধানমন্ত্রী হিসেবে মনমোহন সিংয়ের থাকা উচিত।সমীক্ষায় বলা হয়, ২০০৯ সালে যেখানে রাহুল ছিলেন ৬ শতাংশ মানুষের পছন্দের তালিকায়, এবার ২০১১ সালে সেই জনপ্রিয়তা কয়েক গুণ বেড়েছে। রাহুলের জনপ্রিয়তা এখন প্রধানমন্ত্রী মনমোহন সিং ও সোনিয়া গান্ধীকেও ছাড়িয়ে গেছে। গত সপ্তাহে রাহুল গান্ধীর মা কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর দেহে অস্ত্রোপচার হয়েছে। এ সময় দল পরিচালনার দায়িত্বে থাকা চারজনের মধ্যে রাহুল গান্ধীও রয়েছেন। ১৯৪৭ সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতার পর থেকে দেশটির রাজনীতিতে গান্ধী পরিবার প্রভাব বিস্তার করে আসছে।