প্রধানমন্ত্রীকে পরিস্থিতি ব্যাখ্যা করলেন অ্যান্টনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাশ্মীর সীমান্তে ভারতের পাঁচ সেনা নিহত হওয়ার ঘটনায় প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে দেখা করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী এ কে অ্যান্টনি। গতকাল বুধবার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে অ্যান্টনি পরিস্থিতি তুলে ধরা ছাড়াও ওই ঘটনার পর তাঁর মন্তব্যের কারণে সৃষ্ট বিতর্ক নিয়ে কথা বলেন।

এদিকে আলোচনা অব্যাহত রাখার ইঙ্গিত দিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদ বলেছেন, ভারত তার নিরাপত্তা ও শান্তির স্বার্থে কোনো ক্ষতিকর ও ধ্বংসাত্মক পরিস্থিতি সৃষ্টি করতে চায় না।

কাশ্মীরের পুঞ্চ সেক্টর সীমান্তে পাঁচ সেনা নিহত হওয়ার পর অ্যান্টনি বলেছিলেন, ওই সেনারা পাকিস্তান সেনাবাহিনীর ‘পোশাক পরিহিত সন্ত্রাসীদের’ হাতে নিহত হয়েছেন।

পার্লামেন্টের উভয় কক্ষে দেওয়া এক বিবৃতিতে গত মঙ্গলবার প্রতিরক্ষামন্ত্রী অ্যান্টনি বলেন, ভারতীয় সেনাবাহিনীর ছয় সদস্যের একটি টহল দল নিজেদের সীমান্তের ভেতর হামলার শিকার হয়। তিনি বলেন, ‘পাকিস্তান সেনাবাহিনীর পোশাক পরিহিত অন্তত ২০ জন সশস্ত্র ব্যক্তি এই হামলা চালায়। আক্রমণের পাল্টা জবাব দিতে গিয়ে ভারতের পাঁচ সেনা নিহত এবং একজন আহত হয়।’

এদিকে ভারতের সেনা নিহত হওয়ার এক দিন পর পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদ বার্তা সংস্থা পিটিআইকে বলেন, ভারত কোনো ক্ষতিকর ও ধ্বংসাত্মক পরিস্থিতি সৃষ্টি করতে চায় না। নিজের শান্তি ও নিরাপত্তার স্বার্থেই তা চায় না ভারত।

সেনা নিহত হওয়ার ঘটনায় ভারতের বিরোধী দলের নেতারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জ্যেষ্ঠ নেতা এল কে আদভানি বলেছেন, এটা আলোচনায় বসার সময় নয়।

এদিকে ভারত অভিযোগ করেছে, সীমান্তরেখার বারামুল্লা জেলার ভারতীয় অবস্থানের দিকে গত মঙ্গলবার বিনা উসকানিতে গুলি ছুড়েছে পাকিস্তানের সেনারা। একজন সেনা মুখপাত্র গতকাল বলেন, পাকিস্তান সেনাবাহিনীর বাজ ব্যাটালিয়নের সেনারা মঙ্গলবার উড়ি সেক্টরে নিয়ন্ত্রণরেখার কাছে ভারতীয় সেনাদের অবস্থানের ওপর বিনা উসকানিতে গুলি ছোড়ে। তিনি বলেন, ‘আমাদের সেনারা এর পাল্টা জবাব দিয়েছে।’

কাশ্মীরের এই সংঘাতকে  ভারত-পাকিস্তান সম্পর্ক উন্নয়নের প্রচেষ্টায় একটি ধাক্কা বলে মনে করছেন বিশ্লেষকেরা। আগামী মাসে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেওয়ার পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং ও পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের দ্বিপক্ষীয় বৈঠক করার কথা রয়েছে। সীমান্তের ঘটনা ওই সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে।

ভারতীয় গণমাধ্যমে অভিযোগ করা হয়, কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণরেখায় পাকিস্তান চলতি বছরেই ৩৩ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। পিটিআই।