পানামা পেপারস নিয়ে নিউজিল্যান্ডের পার্লামেন্টে বিতর্ক ও উত্তপ্ত বাক্যবিনিময়ের একপর্যায়ে দেশটির প্রধানমন্ত্রী জন কিকে পার্লামেন্ট থেকে বের করে দিয়েছেন স্পিকার ডেভিড কাটার। গতকাল বুধবার এ ঘটনা ঘটে। স্পিকার ডেভিড কার্টার বলেন, বের করে দেওয়ার আগে তিনি প্রধানমন্ত্রীকে কয়েকবার সতর্ক করে দিয়েছিলেন। কিন্তু জন কি সেদিকে কর্ণপাত করেননি। প্রধানমন্ত্রী বলে তিনি পার্লামেন্টে অন্যদের তুলনায় বেশি সুবিধা পাবেন, এমনটা হবে না বলে জানান স্পিকার। জন কিকে পার্লামেন্ট থেকে বের করে দেওয়ার ঘটনা এবারই প্রথম নয়। এর আগে এমপি থাকা অবস্থায়ও তাঁকে তিনবার বের করে দেওয়া হয়েছিল। বিশ্বজুড়ে হইচই ফেলে দেওয়া পানামা পেপারসে ফাঁস করা তথ্যের ওপর ভিত্তি করে সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, কর ফাঁকির অন্যতম স্বর্গরাজ্য নিউজিল্যান্ড। বিশেষ করে লাতিন আমেরিকার বিত্তবানেরা বিশ্বজুড়ে তাঁদের তহবিল ব্যবস্থাপনার ক্ষেত্রে এই দেশটিকেই চ্যানেল হিসেবে ব্যবহার করে। কাগুজে কোম্পানি ও ট্রাস্টগুলোর অন্যতম কেন্দ্র এই দেশ। বিবিসি