প্রধানমন্ত্রীর দায়মুক্তি সংক্রান্ত শুনানির আবেদন খারিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানে আদালত অবমাননা থেকে প্রধানমন্ত্রীকে রেহাই দেওয়া-সংক্রান্ত একটি আইনের ব্যাপারে পূর্ণ আদালতে শুনানির জন্য কেন্দ্রীয় সরকারের একটি আবেদন দেশটির সুপ্রিম কোর্টের একটি বেঞ্চ গতকাল সোমবার খারিজ করে দিয়েছেন। আইনটি সম্প্রতি পাস করা হয়েছিল। সর্বোচ্চ আদালতের ওই বেঞ্চের পাঁচ বিচারপতিরা হলেন: ইফতিখার মাহমুদ চৌধুরী, শাকিরুল্লাহ জান, খিলজি আরিফ হোসেন, জাওয়াদ এস খাজা ও তাসাদ্দাক হোসেন জিলানি। সরকারের পক্ষে আবদুল শাকুর পারাচা আবেদনটি উপস্থাপন করেন। শুনানিকালে তিনি ওই আবেদনের ব্যাপারে পূর্ণ আদালতে শুনানি এবং এক থেকে দুই সপ্তাহ সময় প্রার্থনা করেন। এর জবাবে প্রধান বিচারপতি ইফতিখার মাহমুদ চৌধুরী বলেন, এ ব্যাপারে ইতিমধ্যে যথেষ্ট সময় দেওয়া হয়েছে। বিষয়টি গুরুত্বপূর্ণ এবং এ ব্যাপারে সিদ্ধান্তে আসা জরুরি। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ইরফান কাদির দুই সপ্তাহ সময় চেয়ে বলেন, দেশের ইতিহাসে এ ধরনের মামলা কখনো হয়নি। জবাবে বিচারপতি ইফতিখার চৌধুরী বলেন, ১৯৯৬ সালে এ ধরনের একটি বিষয়ে আদালতে শুনানি হয়েছিল। ডন অনলাইন।