প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন শিনজো আবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাপানের পার্লামেন্টের নিম্নকক্ষ গতকাল বুধবার প্রধানমন্ত্রী হিসেবে শিনজো আবেকে (৫৮) নির্বাচিত করেছে। এ মাসের শুরুতে আবের লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় পায়।আবে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে তাঁর নতুন মন্ত্রিসভার নাম ঘোষণা করেন। এর আগে ২০০৬ থেকে ২০০৭ সাল পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।প্রধানমন্ত্রী নির্বাচনে শিনজো আবে পান ৩২৮ ভোট এবং তাঁর প্রতিদ্বন্দ্বী বিরোধী দল ডেমোক্রেটিক পার্টি অব জাপানের (ডিপিজে) নেতা বানরি কেইদা পান ৫৭ ভোট।ডিপিজে বানরি কেইদাকে দলের নেতা হিসেবে বেছে নিয়েছে। তিনি বিদায়ী প্রধানমন্ত্রী ইয়োশিহিকো নোদার স্থলাভিষিক্ত হবেন।সাবেক প্রধানমন্ত্রী তারো আসো নতুন মন্ত্রিসভায় উপপ্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন। ফুমিও কিশিদাকে পররাষ্ট্রমন্ত্রী ও সুনোরি ওনোদেরাকে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আবের আগের শাসনামলে সুনোরি উপপররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন।শিনজো আবে দায়িত্ব নেওয়ার মাধ্যমে জাপানে এ নিয়ে গত সাত বছরে সাতবার প্রধানমন্ত্রী পরিবর্তিত হলো। এর আগে প্রায় ছয় দশক জাপানের ক্ষমতায় ছিল এলডিপি। ২০০৯ সালের নির্বাচনে ডিপিজের কাছে পরাজিত হয়ে এলডিপিকে ক্ষমতা ছাড়তে হয়। হোক্কাইডো বিশ্ববিদ্যালয়ের রাজনীতির অধ্যাপক জিরো ইয়ামাগুচি বলেন, জনগণ রক্ষণশীল নীতি বাস্তবায়নের জন্য আবের দল এলডিপিকে ভোট দেয়নি; বরং ডেমোক্রেটিক পার্টি অব জাপানের (ডিপিজে) বিভিন্ন ব্যর্থতার কারণে জনসমর্থন এলডিপির দিকে গেছে।টোকিও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিগেকি উনো বলেন, ডিপিজের পরাজয়ের কারণ, তারা নির্বাচনের সময় দেওয়া অঙ্গীকার পূরণে ব্যর্থ হয়েছে। এএফপি, বিবিসি ও রয়টার্স।