প্রবল বিরোধিতায় রাজ্যসভায় এল না তেলেঙ্গানা বিল
লোকসভায় কোনো রকম কণ্ঠ ভোটে পাস হলেও বিতর্কিত তেলেঙ্গানা বিল রাজ্যসভায় আলোচনার জন্য তোলাই গেল না। গতকাল বুধবার এ নিয়ে বারবার সভা মুলতবি হলো, বিরোধী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ব্যর্থ হলো, রাজ্যসভার সেক্রেটারি জেনারেল ক্ষুব্ধ সদস্যদের হাতে মারও খেলেন। আজ বৃহস্পতিবার বিলটি রাজ্যসভায় পাসের চেষ্টা করা হবে।
গত মঙ্গলবার লোকসভায় তেলেঙ্গানা বিল পাস হয়। গতকাল সকাল থেকেই রাজ্যসভায় বিলটি পাস করানোর চেষ্টা হয়। কিন্তু বারবার সক্রিয় বিরোধিতার ফলে তা সম্ভব হয়নি। অন্ধ্র প্রদেশ ভাগের বিরোধীরা রাজ্যসভার ওয়েলে নেমে এসে বিল আটকানোর চেষ্টা করেন।
লোকসভায় বিজেপি বাধা না দিলেও রাজ্যসভায় দলটির পক্ষ থেকে ২০টি সংশোধনী জমা দেওয়া হয়। দলের নেতা অরুণ জেটলি বলেন, লোকসভার মতো তাঁরা বিনা আলোচনায় বিলটি পাস করাতে রাজি নন। প্রধানমন্ত্রী মনমোহন সিং দলটির নেতা অরুণ জেটলি ও অন্ধ্রের বেঙ্কাইয়া নাইডুর সঙ্গে বৈঠক করেন। লালকৃষ্ণ আদভানি, সুষমা স্বরাজ বা নরেন্দ্র মোদির মতো নাইডু তেলেঙ্গানা প্রশ্নে নরম নন। রাজ্য ভাগ হলে তাঁর পক্ষেও সীমান্ধ্রে রাজনীতি করা কঠিন হয়ে যাবে।