প্রবালের জন্য আশা জাগাল নতুন আবিষ্কার
দক্ষিণ প্রশান্ত মহাসাগরে নয় হাজার বছরের পুরোনো একটি প্রবালপ্রাচীরের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। অস্ট্রেলিয়ার মূল ভূখণ্ড থেকে ৬০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে লর্ড হাওয়ি দ্বীপকে ঘিরে রয়েছে এ প্রবালপ্রাচীরটি। সেখানে একটি তুলনামূলকভাবে আধুনিক সময়ের ছোট প্রবালপ্রাচীরও আছে। পৃথিবীতে এর চেয়ে বেশি দক্ষিণে আর প্রবালপ্রাচীর নেই।অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিজ্ঞানীদের যৌথ উদ্যোগের এ আবিষ্কারের তাৎপর্য হচ্ছে, এতে বৈশ্বিক উষ্ণতা বাড়লে প্রবালের কী হতে পারে, সে বিষয়ে কিছু ইঙ্গিত পাওয়া যাচ্ছে।বৃহস্পতিবার এ আবিষ্কারের কথা জানিয়ে ওই বিজ্ঞানীরা বলেছেন, শব্দতরঙ্গের সাহায্যে পানিতে নিমজ্জিত বস্তু সন্ধানে ব্যবহূত সোনার প্রযুক্তি দিয়ে প্রাচীন প্রবালপ্রাচীরটি আবিষ্কার করা হয়েছে। সাত থেকে নয় হাজার বছরের পুরোনো প্রবালপ্রাচীরটি এর পরিধিরই ভেতর থাকা আধুনিক প্রবালপ্রাচীরটির চেয়ে প্রায় ৩০ গুণ বড়। এ রকম বয়সের প্রবালপ্রাচীর এর আগেও পাওয়া গেছে, কিন্তু কোনোটিই পৃথিবীর এত দক্ষিণে নয়। গবেষকেরা বলেছেন, সম্ভবত অ্যান্টার্কটিকার বরফ গলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়ায় প্রাচীন ওই প্রবালগুলো মরে যায়।গবেষক দলের প্রধান কলিন উডরফ বলেন, এ আবিষ্কার দেখাচ্ছে যে, পৃথিবীর দক্ষিণ অঞ্চলের সাগরে একসময় অনেক প্রবালের বসতি ছিল এবং আবার সেই রমরমা দিন ফিরে আসতে পারে। কারণ, জলবায়ু পরিবর্তনের কারণে সাগর উষ্ণ হয়ে ওঠায় উত্তরের অনেক প্রবাল মরে যাচ্ছে।তবে আধুনিক যুগের তাপমাত্রায় এ যুগেও এ অক্ষাংশে প্রবালের বাড় সীমিত থাকে। এ কারণেই প্রাচীন প্রবালপ্রাচীরটি আধুনিকটির চেয়ে অনেক বড় ছিল। এদিকে এখন সাগরের পানির উষ্ণতা বাড়ছে বলে অপেক্ষাকৃত বেশি উত্তর অক্ষাংশে প্রবালপ্রাচীর আরও বড় হয়ে উঠতে পারে।বিজ্ঞানীরা এখন দ্বীপ লর্ড হাওয়ির আরও ২৬ কিলোমিটার দক্ষিণে বল’স পিরামিড অঞ্চলে অনুসন্ধান চালাবেন। সেখানেও কোনো প্রবালপ্রাচীর আছে কি না, তা খুঁজে দেখবেন তাঁরা। বল’স পিরামিড হচ্ছে সাগর থেকে উঠে আসা একটি দর্শনীয় অগ্ন্যুৎপাত সৃষ্ট কাঠামো।প্রবাল এক ধরনের ক্ষুদ্র সামুদ্রিক প্রাণী, যা অন্য বহু ধরনের প্রাণীর অস্তিত্বের জন্য গুরুত্বপূর্ণ। তা ছাড়া প্রচুর পরিমাণে বিষাক্ত কার্বন ডাই-অক্সাইডও শুষে নেওয়ার কাজ করে প্রবাল। এর শরীর থেকে নির্গত ক্যালসিয়াম কার্বোনেট জমেই সাগরতলে প্রবালপ্রাচীর সৃষ্টি হয়ে থাকে। এএফপি ও বিবিসি।