প্রবাসী পাকিস্তানিদের ভোটাধিকারের কথা বললেন বিলাওয়াল
পাকিস্তানের ক্ষমতাসীন দল পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো বলেছেন, তাঁর দল প্রবাসী পাকিস্তানিদের পাশে থাকবে এবং নির্বাচনে তাঁদের ভোটাধিকার প্রতিষ্ঠার ব্যাপারেও দলটি প্রতিশ্রুতিবদ্ধ। গত শনিবার নিউইয়র্কে পিপিপির এক আন্তর্জাতিক সম্মেলনে বক্তৃতাকালে বিলাওয়াল এ কথা বলেন।প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির ছেলে বিলাওয়াল সম্মেলনে বলেন, ‘দ্বৈত নাগরিকত্বের অধিকারী পাকিস্তানিরা যাতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করাসহ দেশের সব নাগরিক বিষয়ে অংশ নিতে পারেন, সে ব্যাপারে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’ তিনি বলেন, পাকিস্তানিদের ভোটে নির্বাচিত কারও আনুগত্য নিয়ে অনির্বাচিত কিংবা ভোটে অংশ নেননি এমন ব্যক্তিদের প্রশ্ন তোলার কোনো অধিকার নেই। আর এ জন্যই প্রবাসী পাকিস্তানিদের ভোট দেওয়া ও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অধিকার নিশ্চিত করা প্রয়োজন।প্রবাসী পাকিস্তানিদের অবদানের প্রশংসা করে বিলাওয়াল বলেন, তিনি তাঁদের অনুভূতির কথা বোঝেন। কেননা, তাঁর প্রয়াত মা বেনজির ভুট্টোর সঙ্গে তাঁকে নির্বাসিত জীবন কাটাতে বাধ্য হতে হয়েছে।পিপিপির চেয়ারম্যান বিলাওয়াল আরও বলেন, সব ধরনের চ্যালেঞ্জ সত্ত্বেও পাকিস্তানে প্রথমবারের মতো সাংবিধানিক ও শান্তিপূর্ণ উপায়ে গণতান্ত্রিক সরকার থেকে আরেক গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর হতে চলেছে। আর এটি সম্ভব হচ্ছে পিপিপির শক্তিশালী ও গণতান্ত্রিক ধারা প্রতিষ্ঠার কারণেই। ডন অনলাইন।