প্রবাসী বাংলাদেশিদের মিশ্র প্রতিক্রিয়া
বোমা হামলার পরিকল্পনায় যুক্তরাষ্ট্রের আদালতে বাংলাদেশি যুবক কাজী রেজওয়ানুল আহসান নাফিসের বিচারের রায় নিয়ে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
নিউইয়র্ক প্রবাসী বদরুল ইসলাম বলেন, বোকামো বা পাকামো—যা-ই হোক, নাফিস আমেরিকায় বাংলাদেশিদের কলঙ্কিত করেছেন। বাংলাদেশকে জঙ্গি সৃষ্টির উর্বর দেশ হিসেবে পরিচয় করিয়ে দিয়েছেন তিনি।
নিউইয়র্কে বসবাসরত সাংবাদিক মাহফুজুর রহমান বলেন, বিচারকের কাছে দেওয়া চিঠিতে নাফিস ইসলাম ধর্মে সহিংসতার কোনো স্থান নেই বলে উল্লেখ করেছেন। এ ঘটনার মধ্য দিয়ে বাংলাদেশে ধর্মের নামে যাঁরা সহিংসতার চর্চা করেন, তাঁদের বোধোদয় ঘটবে বলে তিনি আশা প্রকাশ করেন।
নিউজার্সিতে বসবাসরত আবু চৌধুরীর মতে, নাফিসের গ্রেপ্তার থেকে দণ্ডপ্রাপ্তি পর্যন্ত সবই রহস্যময়, কুয়াশার চাদরে ঢাকা। হয়তো ৩০ বছর পর নাফিস কারামুক্ত হলে তাঁর কাছ থেকে জানা যাবে নেপথ্যের সব ঘটনা।
প্রবাসী প্রকৌশলী আতিকুর রহমান বলেন, সামান্য অসতর্কতার পরিণাম কী ভয়াবহ হতে পারে, নাফিসের ঘটনা এর উজ্জ্বল দৃষ্টান্ত।
নিউইয়র্কে বসবাসরত গোলাম এহিয়ার মতে, নাফিসের মতো ছেলে হয় ধর্মান্ধতার জন্য উর্বর পরিবেশে গড়ে উঠেছে, না হয় বাস্তবতা মোকাবিলার জন্য পারিবারিক শিক্ষার ঘাটতি ছিল।
টেক্সাস থেকে কাওসার জাহান বলেন, এ ঘটনা বিরাট সতর্কবার্তা। অসাবধানতার কী মাশুল দিতে হয় তা শুধু নাফিস ও তাঁর হতভাগা মা-বাবাই এখন শুধু বলতে পারবেন।
ওয়াশিংটন ডিসির এমদাদুল হকের মতে, যুবক-তরুণদের মধ্যে জঙ্গি ভাবাদর্শের নীরব বিস্তার এখন একটি সামাজিক সমস্যা। এ ঘটনাকে বিচ্ছিন্ন বলে না ভেবে এ নিয়ে বাংলাদেশকে ভাবতে হবে বলে তিনি মন্তব্য করেন।
আরেক প্রবাসী মোমিনুল ইসলাম বলেন, বিদেশে আমরা উচ্চশিক্ষা অর্জন বা জীবন সংগ্রামের জন্য এসেছি। ধর্ম প্রচার বা কোনো ভাবাদর্শ বাস্তবায়নের জন্য নয়। তিনি বলেন, ‘নাফিসের মতো নির্বোধ, অবিবেচকের কারণে ধর্ম ও দেশকে জড়িয়ে অন্যরা কথা বলার সুযোগ পেয়েছে।’ কৃতকর্মের জন্য লজ্জিত ও অনুতপ্ত নাফিসের দণ্ড কম হলে খুশি হতেন বলে মন্তব্য করলেন নিউইয়র্ক প্রবাসী নাইমা ইসলাম।
গতকাল শুক্রবার ব্রুকলিনের ফেডারেল আদালত রেজওয়ানুল আহসান নাফিসের বিরুদ্ধে ৩০ বছরের কারাদণ্ডের আদেশ দেন। ২২ বছর বয়সী নাফিস নিউইয়র্ক ফেডারেল রিজার্ভ ব্যাংক বোমা মেরে উড়িয়ে দেওয়ার পরিকল্পনা করেছিলেন।
আরও খবর