প্রবৃদ্ধি বাড়ানোর প্যাকেজে একমত ইউরো জোনের চার বড় নেতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউরো অঞ্চলের সবচেয়ে বড় চার অর্থনীতির দেশের নেতারা ওই অঞ্চলের প্রবৃদ্ধি বাড়াতে বেশ কিছু পদক্ষেপের বিষয়ে একমত হয়েছেন। দেশগুলো হচ্ছে জার্মানি, ফ্রান্স, ইতালি ও স্পেন।চার দেশের নেতারা ইউরো অঞ্চলের মোট জিডিপির ১ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করতে ১৩০ বিলিয়ন ইউরো (১৬৩ বিলিয়ন ডলার) বিনিয়োগের একটি প্যাকেজের রূপরেখা ঠিক করেছেন।তবে বিশ্লেষকেরা বলেছেন, এই পরিকল্পনায় নতুন অর্থ সামান্যই বা আদৌ নেই। এ কারণে চার দেশের মধ্যে এই ঐকমত্য বাস্তবোচিত উদ্যোগের চেয়ে প্রতীকীই বেশি। এ ছাড়া একক ইউরো বন্ডের মতো বিষয়গুলোতে এখনো কোনো ঐকমত্য প্রতিষ্ঠিত হয়নি।ইতালির প্রধানমন্ত্রী মারিও মন্তি বলেন, ‘আমরা একটি অর্থবহ ইউরোপীয় প্রবৃদ্ধি প্যাকেজ চাই।’ মারিও মন্তি স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাহয়, জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল ও ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদের সঙ্গে শুক্রবার এক যৌথ সংবাদ সম্মেলন করেন। তাঁরা চারজন ইউরো-সংকট নিয়ে আগামী সপ্তাহে রোমে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি সম্মেলনে যোগ দেবেন।মনে করা হচ্ছে, প্রবৃদ্ধি প্যাকেজটির মধ্যে ইতিমধ্যে বাস্তবায়ন শুরু হয়েছে এমন কিছু পদক্ষেপও থাকবে। এর মধ্যে রয়েছে সরকারি অর্থে অবকাঠামোগত ও অন্যান্য বিনিয়োগ বাড়ানো। বিবিসি।