প্রভাকরণের ছেলেকে হত্যা করা হয়নি: শ্রীলঙ্কা
শ্রীলঙ্কার তামিল বিদ্রোহী নেতা ভিলুপিল্লাই প্রভাকরণের শিশুপুত্রকে আত্মসমর্পণের পর হত্যা করা হয়নি বলে গতকাল বৃহস্পতিবার দাবি করেছে দেশটির সরকার। ব্রিটিশ একটি টেলিভিশন চ্যানেলের প্রামাণ্যচিত্রে তোলা এ-সংক্রান্ত অভিযোগকে ‘ভিত্তিহীন’ ও ‘অগ্রহণযোগ্য’ বলে প্রত্যাখ্যান করা হয়েছে।যুক্তরাজ্যের চ্যানেল ফোর টেলিভিশন গত বুধবার শ্রীলঙ্কার সেনাদের যুদ্ধাপরাধের ওপর নতুন একটি ভিডিওচিত্র প্রচার করে। ‘শ্রীলঙ্কাস কিলিং ফিল্ডস:ওয়ার ক্রাইমস আনপাবলিশড’ শিরোনামের ওই প্রামাণ্যচিত্রে ফরেনসিক বিশেষজ্ঞদের মতামত প্রকাশ করা হয়। তাতে বলা হয়, প্রভাকরণের ১২ বছর বয়সী ছেলেকে কাছাকাছি অবস্থান থেকে গুলি চালিয়ে হত্যা করা হয়েছে।চ্যানেল ফোরের ওই প্রামাণ্যচিত্রের ব্যাপারে শ্রীলঙ্কার প্রতিরক্ষা মন্ত্রণালয় গতকাল বিবৃতি দেয়। ওই বিবৃতিতে বলা হয়, ‘মন্ত্রণালয় সুস্পষ্টভাবে ওই ভিত্তিহীন ও অগ্রহণযোগ্য ভিডিওকে প্রত্যাখ্যান করে।’ বিবৃতিতে আরও বলা হয়, চ্যানেলটি এর আগে জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের অধিবেশন চলাকালেও শ্রীলঙ্কাকে হেয়প্রতিপন্ন করতে প্রামাণ্যচিত্র প্রচার করেছিল। এএফপি।